নিয়ন্ত্রণ না থাকায় গোয়েন্দা সংস্থাগুলো এখতিয়ারের বাইরেও হস্তক্ষেপ করছে
দক্ষিণ এশিয়ার অনেক দেশেই গোয়েন্দা সংস্থাগুলোর ওপর নিয়ন্ত্রণ না থাকায় সংস্থাগুলো নিজেদের এখতিয়ারের বাইরেও হস্তক্ষেপ করছে বলে গতকাল শনিবার ঢাকায় অনুষ্ঠিত এক সেমিনারে বক্তারা মন্তব্য করেছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে সন্ত্রাসবাদ মোকাবিলা ও গোয়েন্দা কার্যক্রমবিষয়ক এ সেমিনারের আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ। এতে সহায়তা করে বাংলাদেশ ইনস্টিটিউট অব ল অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স (বিলিয়া)।
বক্তারা বলেন, গোয়েন্দা সংস্থাগুলোর ব্যর্থতার কারণে এই অঞ্চলে অনেক মর্মান্তিক ঘটনা ঘটেছে। উদাহরণ হিসেবে মুম্বাইয়ে সন্ত্রাসবাদী হামলা ও বাংলাদেশের বিডিআর বিদ্রোহসহ বিভিন্ন ঘটনার কথা তুলে ধরা হয়। তাঁদের মতে, সন্ত্রাসবাদ মোকাবিলায় দক্ষিণ এশিয়ায় গোয়েন্দা কার্যক্রমে সমন্বয় ও পেশাদারির অভাব রয়েছে।
নিরাপত্তা বিশ্লেষক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহেদুল আনাম খান বলেন, গোয়েন্দা সংস্থাগুলোর দলীয়, গোষ্ঠীগত ও সরকারের আনুগত্যের কারণে অনেক সময়ই রক্তক্ষয়ী ঘটনা ঘটেছে। এ প্রসঙ্গে পঁচাত্তরের ১৫ আগস্ট ও ২০০৪ সালের ২১ আগস্টের ঘটনা তুলে ধরেন তিনি।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রাজনৈতিক) কামাল উদ্দিন আহমেদ বলেন, দেশীয় সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলোর সঙ্গে আন্তর্জাতিক সন্ত্রাসবাদে যুক্ত থাকার সুনির্দিষ্ট কোনো প্রমাণ এখন পর্যন্ত পাওয়া যায়নি। তিনি জঙ্গিবাদ নিরসনে মাদ্রাসাকেন্দ্রিক সচেতনতা কার্যক্রমসহ সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন।
সেমিনারে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য নাসরীন আহমাদ, সমাজবিজ্ঞান অনুষদের ডিন ফরিদ উদ্দিন আহমেদ, বিশিষ্ট আইনজীবী শাহদীন মালিক, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের চেয়ারপারসন আশেকা ইরশাদ, একই বিভাগের অধ্যাপক শাহীদুজ্জামান, আমেনা মোহসীন, এহসানুল হক, সহযোগী অধ্যাপক এ এস এম আশরাফ আলী, ভারতের নিরাপত্তা বিশ্লেষক আনন্দ কুমার প্রমুখ। এ ছাড়া নিরাপত্তা বিশ্লেষক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাখাওয়াত হোসেন উপস্থিত থাকলেও বক্তব্য দেননি।