নিয়ন্ত্রণ হারিয়ে বাস হাটে, একজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গা সদর উপজেলার ভালাইপুর হাটে আজ বুধবার সন্ধ্যায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে হাটের মধ্যে ঢুকে পড়ে। এতে একজন নিহত এবং বাসের চালকসহ নয়জন আহত হয়েছেন।

নিহত ব্যক্তির নাম গঙ্গা হালদার (৩০)। দুর্ঘটনার পর চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কালিয়া বকরীর রাজকুমার হালদারের ছেলে।

দুর্ঘটনায় আহত বাকি নয়জন ভালাইপুর হাটের ক্ষুদ্র ব্যবসায়ী ও ক্রেতা। এঁদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও ভালাইপুর হাটের উপদেষ্টা আমির হোসেন জানান, মেহেরপুর থেকে চুয়াডাঙ্গাগামী শিশির পরিবহনের যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে ভালাইপুরে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে চালক আহত হন। একপর্যায়ে বাসটি হাটের মধ্যে ঢুকে পড়লে হাটে অবস্থানকারী নয়জন আহত হন।

সদর থানার পরিদর্শক (তদন্ত ) কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।