পুলিশের উপপরিদর্শক (এসআই) নিয়োগ ও নিয়োগ স্থায়ীকরণের ক্ষমতার পাশাপাশি প্রথম শ্রেণীর পদ পরিদর্শক নিয়োগের ক্ষমতাও নিজেদের হাতে নিয়েছে পুলিশ। রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয় এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
বর্তমান সরকার পরিদর্শকের পদটি প্রথম শ্রেণীতে উন্নীত করেছে। নিয়ম অনুযায়ী, প্রথম শ্রেণীর পদে নিয়োগের ক্ষমতা সরকারি কর্মকমিশনের (পিএসসি)। একইভাবে পদোন্নতির ক্ষেত্রেও অবশ্যই পিএসসির পরামর্শ নিতে হবে। এ বিষয়ে আদালতেরও একটি রায় আছে। কিন্তু জারি হওয়া প্রজ্ঞাপনটিতে এ সবই উপেক্ষা করা হয়েছে।
২৭ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, পরিদর্শক, উপপরিদর্শক, সার্জেন্ট এবং টাউন উপপরিদর্শক (টিএসআই) পদগুলোর নিয়োগ ও স্থায়ীকরণের বিষয়ে পিএসসির পরামর্শের প্রয়োজন হবে না।
পুলিশের এসআই পদটি আগে তৃতীয় শ্রেণীর এবং পরিদর্শক পদটি দ্বিতীয় শ্রেণীর ছিল। বর্তমান সরকার এসআইকে দ্বিতীয় ও পরিদর্শক পদকে প্রথম শ্রেণীতে উন্নীত করে। এর পরই এ পদের নিয়োগ ও পদোন্নতি নিয়ে জটিলতা তৈরি হয়। এই অবস্থায় জনপ্রশাসন মন্ত্রণালয় পিএসসির পরামর্শ চাইলে পিএসসি নিয়োগের ক্ষেত্রে ১৯৭৯ সালের প্রবিধিমালা সংশোধন করার পরামর্শ দেয়। তবে পদোন্নতি ও শৃঙ্খলার বিষয়ে পিএসসির পরামর্শ নিতে হবে বলে সিদ্ধান্ত দেয়। চলমান এসআই নিয়োগের বিষয়ে দুই পরিদর্শকের দায়ের করা একটি রিটে হাইকোর্টও পিএসসির পরামর্শ নেওয়ার পক্ষে রায় দেন। কিন্তু জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে পরিদর্শক নিয়োগ ও স্থায়ীকরণের বিষয়ে পিএসসির পরামর্শ নেওয়ার দরকার নেই বলে উল্লেখ করা হয়েছে।
জানতে চাইলে পিএসসির দায়িত্বপ্রাপ্ত সদস্য লিয়াকত আলী খান কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে পিএসসির কর্মকর্তারা বলছেন, এই প্রজ্ঞাপন আদালতের আদেশ ও পিএসসির সিদ্ধান্তের পরিপন্থী।
তবে জনপ্রশাসনসচিব আবদুস সোবহান সিকদার বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রস্তাব, পিএসসির মতামত ও আইন মন্ত্রণালয়ের ভেটিং নিয়েই এ প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এ বিষয়ে সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার গতকাল প্রথম আলোকে বলেন, এটি একটি ভুল সিদ্ধান্ত। উঁচু পদ নেবেন আর নিয়ম মানবেন না, তা কোনোভাবেই উচিত নয়। তিনি বলেন, ইন্সপেক্টর প্রথম শ্রেণীর পদ আর প্রথম শ্রেণীর পদে নিয়োগ দেবে পিএসসি। তিনি বলেন, এই অসামঞ্জস্য দূর করতে হবে, না হলে সব প্রতিষ্ঠানেই এ ধরনের চর্চা শুরু হবে।
হাইকোর্টে রিটকারীদের আইনজীবী সালাহউদ্দিন গতকাল প্রথম আলোকে বলেন, ‘হাইকোর্ট পরিষ্কার বলে দিয়েছেন, পরিদর্শক পদের পদোন্নতি পিএসসির মাধ্যমেই হতে হবে। সরকার এই রায়ের বিরুদ্ধে চেম্বার জজের কাছে গেলেও আদালত রায় স্থগিত করেননি। কাজেই এই আদেশের বিরুদ্ধে যাওয়ার সুযোগ কারও নেই। তার পরও যদি পরিদর্শক পদের পদোন্নতি পিএসসির পরামর্শ ছাড়া করা হয়, তাহলে আমরা সেটিকে চ্যালেঞ্জ করব।’
আইনি প্রক্রিয়া: রাষ্ট্রের প্রথম ও দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তা নিয়োগের সাংবিধানিক দায়িত্ব পিএসসির। ২০১২ সালের ১৯ জুলাই পরিদর্শক পদটিকে প্রথম শ্রেণী এবং ২০১২ সালের ৩০ জুলাই এসআই পদকে দ্বিতীয় শ্রেণীর করা হয়। কিন্তু প্রজ্ঞাপন জারির আগেই ২০১২ সালের ৪ জুন এসআই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে পুলিশ। এ নিয়ে শুরু হয় জটিলতা। এর মধ্যেই হাইকোর্টে রিট করেন দুই উপপরিদর্শক।
এই অবস্থায় এসআই পদে নিয়োগ, পদোন্নতি, স্থায়ীকরণ ও শৃঙ্খলাসংক্রান্ত বিষয়ে পিএসসির সঙ্গে পরামর্শ করার বিধান রহিত করার জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় ও পিএসসিকে ১৫ এপ্রিল ও ২৬ মে দুটি চিঠি দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এর আগে ৩ এপ্রিল জনপ্রশাসন মন্ত্রণালয়কে দেওয়া আরেক চিঠিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এসব ক্ষেত্রে পিএসসির সঙ্গে পরামর্শ করার বিধান রদ করা যেতে পারে। পরে সিদ্ধান্ত নেওয়ার জন্য পিএসসি বৈঠক করে। ৭ জুলাই জনপ্রশাসন মন্ত্রণালয়কে দেওয়া এক চিঠিতে বাংলাদেশ সরকারি কর্মকমিশন (পরামর্শকরণ) প্রবিধিমালা, ১৯৭৯ সংশোধনের পরামর্শ দেয় পিএসসি। আরও জানানো হয়, পরিদর্শক পদে পদোন্নতির ক্ষেত্রে পিএসসির পরামর্শ নিতে হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়, জনপ্রশাসন, পুলিশ বিভাগ বিভিন্ন সময় নিজেদের মধ্যে চালাচালি করা চিঠিতে এই পরামর্শ মেনে নিতে একমত হয়। সিদ্ধান্ত হয়, এসআই নিয়োগের ক্ষমতা পুলিশকে দেওয়া হবে। তবে পদোন্নতির ক্ষমতা পিএসসির হাতেই থাকবে। এই অনুযায়ী প্রজ্ঞাপন জারি করার কথা। কিন্তু জারি করা প্রজ্ঞাপনে এসআই পদে নিয়োগসহ সব ক্ষমতা পুলিশ বিভাগকে দেওয়া হয়। সঙ্গে পরিদর্শক পদটিও জুড়ে দেওয়া হয়।