নিয়োগ পাচ্ছেন নতুন ছয় হাজার চিকিৎসক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম
স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, খুব শিগগির সারা দেশে ছয় হাজারের বেশি চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল এবং জাতীয় কিডনি ও ইউরোলজি ইনস্টিটিউট পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
মো. নাসিম বলেন, দেশের বিভিন্ন জায়গায় যে চিকিৎসকের স্বল্পতা রয়েছে এই নিয়োগপ্রক্রিয়া শেষ হলে তা অনেকাংশে পূরণ হবে। বিশেষ করে গ্রামের সংকট অনেকখানি দূর হবে।
হাসপাতাল পরিদর্শনের সময় স্বাস্থ্যমন্ত্রী চিকিৎসক ও নার্সদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। এ ছাড়া রোগীর আত্মীয়স্বজনকে অহেতুক হাসপাতালে ভিড় না করারও অনুরোধ করেন তিনি।সোহরাওয়ার্দী হাসপাতালের প্রয়োজনীয় যন্ত্রপাতি খুব শিগগির দেওয়া হবে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমি জানি এই হাসপাতালে কিছু নতুন যন্ত্রপাতি প্রয়োজন, এই যন্ত্রপাতিগুলো দ্রুত দেওয়ার ব্যবস্থা করা হবে।’ হাসপাতাল কর্তৃপক্ষের উদ্দেশে তিনি বলেন, ‘শুধু মন্ত্রী আসলেই হাসপাতাল পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, তা হতে পারে না। সব সময় হাসপাতাল পরিষ্কার রাখতে হবে। হাসপাতাল পরিষ্কার থাকলে দেখতেও ভালো লাগে, আবার রোগীর মনও ভালো থাকে।’

স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন এবং রোগীদের সঙ্গে কথা বলে চিকিৎসা সেবার মানের খোঁজখবর নেন।

এ সময়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক দীন মো. নুরুল হক, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি মাহমুদ হাসান, মহাসচিব ইকবাল আর্সনালসহ চিকিৎসকেরা উপস্থিত ছিলেন।