স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুটি অধিদপ্তরে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীর পাঁচ হাজারের বেশি পদে নিয়োগ-প্রক্রিয়ার কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। একই সঙ্গে ওই দুটি নিয়োগ-প্রক্রিয়া কেন অবৈধ বলে বাতিল ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। গতকাল সোমবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি এ কে এম জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ পৃথক দুটি রিটের প্রাথমিক শুনানি নিয়ে এ রুল দেন।
নিয়োগ-প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ এনে এর কার্যক্রম স্থগিত চেয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী আফতাব উদ্দিন ছিদ্দিকী ও দুই চাকরিপ্রার্থী গত সপ্তাহে পৃথক রিট করেন। আদালতে রিটের পক্ষে আইনজীবী আবদুল বাসেত মজুমদার, এ এম আমিন উদ্দিন ও সরকার মো. তরিকুল ইসলাম মামলা পরিচালনা করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমাতুন করিম ও সহকারী অ্যাটর্নি জেনারেল নূসরাত জাহান।
এ এম আমিন উদ্দিন প্রথম আলোকে বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের অধীনে বিভিন্ন পদে জনবল নিয়োগে বিজ্ঞাপন দেওয়া হয়। প্রার্থীরা আবেদনও জমা দেন। পরে দেখা যায়, নিয়োগের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে কিছু নাম সুপারিশ করা হয়েছে। এ-সংক্রান্ত একটি তালিকা রিটে যুক্ত করা হয়। এটা সংবিধানের ২৯ অনুচ্ছেদের পরিপন্থী। এ ছাড়া পরিবার পরিকল্পনা অধিদপ্তরের বিভিন্ন পদে নিয়োগে অনিয়মের অভিযোগের ভিত্তিতে অপর রিটটি করা হয়। আদালত ওই দুই নিয়োগ-প্রক্রিয়ার কার্যক্রম স্থগিতের পাশাপাশি রুলও জারি করেন।
আদালত সূত্র জানায়, সিভিল সার্জনের দপ্তর এবং এর অধীনস্থ দপ্তরগুলোতে তৃতীয় ও চতুর্থ শ্রেণীতে জনবল নিয়োগের জন্য ২০১২ সালের ২২ নভেম্বর একটি জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি দেয় স্বাস্থ্য অধিদপ্তর। বিভিন্ন পদে ৯১৫ জনের বিপরীতে ওই বিজ্ঞাপন দেওয়া হয়। ২০১৩ সালের ২১ মার্চ তৃতীয় ও চতুর্থ শ্রেণীর ২৫ ক্যাটাগরিতে পরিবার পরিকল্পনা অধিদপ্তর চার হাজার ২৯৪ জনের নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে। এখন এসব নিয়োগ-প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে। রিটে স্বাস্থ্যসচিব, জনপ্রশাসন-সচিব, স্বাস্থ্য অধিদপ্তর ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়।