নিয়োগ-প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ, দুজন মাত্র পাস!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম কর অঞ্চল-১-এর নিয়োগ-প্রক্রিয়ায় অস্বচ্ছতার অভিযোগ পাওয়া গেছে। এতে সাঁটলিপিকার এবং সাঁটমুদ্রাক্ষরিক পদের ব্যবহারিক পরীক্ষার ফলাফলে ৩৪ জন প্রার্থীর মধ্যে মাত্র দুজনকে পাস করানো হয়েছে। তাঁদের মধ্যে সাঁটলিপিকার পদে নির্বাচিত সাইদুল ইসলাম চুক্তিভিত্তিক কর্মচারী এবং সাঁটমুদ্রাক্ষরিক পদে নির্বাচিত সাদিয়া জাহান ওরফে দিনা অফিস সহকারী পদে কর্মরত।

চার ধাপের নির্বাচনী পরীক্ষার মাধ্যমে দুটি পদে মোট ১২টি শূন্যপদ পূরণের কথা ছিল। ২৩ জুন প্রার্থীদের ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয়।

অভিযোগকারী প্রার্থীরা জানান, তাঁরা নিয়মানুযায়ী চারটি পরীক্ষার মধ্যে দুটি ধাপ উত্তীর্ণ হয়েছেন সফলভাবে। কিন্তু ব্যবহারিক পরীক্ষায় ভালো করেও তাঁরা সবাই বাদ পড়েছেন।

এ ব্যাপারে জানতে চাইলে চট্টগ্রাম কর অঞ্চল-১-এর কমিশনার এবং বিভাগীয় নির্বাচন কমিটির আহ্বায়ক মো. দবির উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘পরীক্ষার ফলাফলের ভিত্তিতেই দুজনকে বাছাই করা হয়েছে। এখানে কোনো অনিয়ম হয়নি। যুব উন্নয়ন অধিদপ্তরের কারিগরি বিশেষজ্ঞরা পরীক্ষা নিয়েছেন। এতে আমাদের কোনো হাত ছিল না।’ যোগ্য প্রার্থী পাওয়া যায়নি বলে শূন্যপদের চাহিদা থাকলেও তা পূরণ করা সম্ভব হয়নি বলে জানান তিনি।

মেজবাহ উদ্দিন নামের বাদ পড়া একজন প্রার্থী অভিযোগ করেন, ‘আমাদের ২৩ জুন বিকেলে ব্যবহারিক পরীক্ষার ফলাফল জানানোর কথা বলা হয়। কিন্তু সেই ফলাফল আমরা ওয়েবসাইটে পেয়েছি সেই দিন মধ্যরাতে। কর অঞ্চলের অন্যান্য নিয়োগ পরীক্ষার ফলাফল পত্রিকায় ছাপা হলেও এখানে ব্যতিক্রম হয়েছে। আবার ফলাফলে কর অঞ্চলে কর্মরত দুই প্রার্থী ছাড়া অন্য কারও নাম না থাকায় আমরা বুঝে নিয়েছি, এতে স্বজনপ্রীতি ও অনিয়ম হয়েছি। আমরা এর সুষ্ঠু তদন্ত দাবি করছি।’

অপর প্রার্থী সজীব দাশ বলেন, ‘নিয়োগ বিজ্ঞপ্তিতে সাঁটলিপিকার পদে দুজন এবং সাঁটমুদ্রাক্ষরিক পদে ১০ জনের শূন্যপদের উল্লেখ ছিল। কিন্তু শুধু দুজনকে ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ দেখানো হলো কেন, এটাই আমাদের প্রশ্ন। বাকিরা সবাই কি তাহলে অযোগ্য? সবাই পরীক্ষায় খারাপ করেছেন। আমরা চাকরিপ্রার্থী হিসেবে এর প্রতিকার চাই।’

জানা যায়, গত বছরের ১৪ অক্টোবর সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর পদে দুটি এবং সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে ১০টি শূন্যপদ পূরণের জন্য আবেদনপত্র আহ্বান করা হয়। প্রিলিমিনারি, লিখিত, ব্যবহারিক এবং লিখিত—এই চার ধাপে পরীক্ষার মাধ্যমে যোগ্য প্রার্থী বাছাইয়ের নিয়ম ছিল।

চলতি বছরের ৩ মে অনুষ্ঠিত প্রিলিমিনারি পরীক্ষার মাধ্যমে আবেদনকারীদের মধ্য থেকে সাঁটলিপিকার পদে ১০ জন এবং সাঁটমুদ্রাক্ষরিক পদে ৬৯ জনকে বাছাই করা হয়। এরপর ৩১ মে অনুষ্ঠিত লিখিত পরীক্ষার মাধ্যমে সাঁটলিপিকার পদে সাতজন এবং সাঁটমুদ্রাক্ষরিক পদে ২৭ জনকে নির্বাচন করা হয়। ২৩ জুন নগরের আগ্রাবাদ এলাকার সরকারি কার্যভবনে কর অঞ্চল-১-এর সম্মেলন কক্ষে দুটি পদে নির্বাচিত প্রার্থীদের ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। ফলাফলে দেখা যায়, উত্তীর্ণ ব্যক্তিদের তালিকায় সাঁটলিপিকার পদের প্রার্থী সাইদুল ইসলাম এবং সাঁটমুদ্রাক্ষরিক পদের প্রার্থী সাদিয়া জাহান ছাড়া কারও নাম নেই।