পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার তোড়িয়া আদর্শ বালিকা উচ্চবিদ্যালয়ের এক শিক্ষক ও এক কর্মচারী পদে নিয়োগে অনিয়মের অভিযোগে আদালতে মামলা হয়েছে। গত মঙ্গল ও বুধবার বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ নিয়োগ বোর্ডের সদস্যদের বিরুদ্ধে চাকরিপ্রার্থী পাঁচ ব্যক্তি এই মামলা দুটি করেন।
মামলার বিবরণ ও চাকরিপ্রার্থীদের অভিযোগ সূত্রে জানা যায়, বিদ্যালয়ে নিম্নমান সহকারী কাম কম্পিউটার অপারেটর ও একজন সহকারী শিক্ষক (কৃষি) পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। নির্ধারিত তারিখের মধ্যে নিম্নমান সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে ২২ এবং শিক্ষক পদে ১১ জন প্রার্থী আবেদন করেন। প্রার্থীদের অভিযোগ, প্রধান শিক্ষক তরিকুল ইসলাম নিম্নমান সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে হারুন অর রশিদের কাছ থেকে সাত লাখ এবং শিক্ষক পদে জাহেদুল ইসলামের কাছ থেকে আট লাখ টাকায় মৌখিকভাবে তাঁদের নিয়োগ দিতে চুক্তিবদ্ধ হন। কার্য সিদ্ধির জন্য তড়িঘড়ি করে ঈদের আগের দিন ১৭ জুলাই নিয়োগ পরীক্ষার দিন ধার্য করে ১৬ জুলাই বিকেলে প্রার্থীদের পরীক্ষার প্রবেশপত্র দেওয়া হয়। প্রবেশপত্র পেলেও ঈদের কারণে অনেকেই পরীক্ষায় অংশ নিতে পারেননি। এই পরীক্ষা স্থগিত করতে এক প্রার্থী জেলা শিক্ষা কর্মকর্তার কাছে তাৎক্ষণিকভাবে আবেদনও করেন। তারপরও নির্ধারিত তারিখে পঞ্চগড় বিপি সরকারি উচ্চবিদ্যালয়ে পরীক্ষা হয়। ৩৩ জন প্রার্থীর মধ্যে মাত্র ৯ জন ওই পরীক্ষায় অংশ নিতে পারেন।
একটি মামলার বাদী মোকছেদ আলী অভিযোগ করেন, ‘পরীক্ষা গ্রহণের আগেই প্রধান শিক্ষক যে দুই প্রার্থীর কাছ থেকে টাকা নিয়েছিলেন, তাঁদেরই নিয়োগপত্র দিয়েছেন। এতেই স্পষ্ট, পরীক্ষার আগেই তাঁদের প্রশ্নপত্র দিয়ে দেওয়া হয়। এতে তাঁরা পরীক্ষায় প্রথম হন।’
বিদ্যালয়ের প্রধান শিক্ষক তরিকুল ইসলামের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের প্রতিনিধির দেওয়া তারিখ অনুযায়ী পরীক্ষা নেওয়া হয়। পরীক্ষায় প্রথম হওয়ায় নিম্নমান সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে হারুন অর রশিদ এবং সহকারী শিক্ষক পদে জাহেদুল ইসলামকে নিয়োগ দেওয়া হয়েছে। যে দুজনের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে বলে আগেই অভিযোগ উঠেছে, তাঁরাই কীভাবে প্রথম হলেন—জানতে চাইলে প্রধান শিক্ষক বলেন, পরীক্ষায় তাঁরাই সবচেয়ে ভালো করেছেন।
বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি আবদুর রহমান বলেন, তড়িঘড়ি করা হলে প্রধান শিক্ষক ও মহাপরিচালকের প্রতিনিধি দায়ী।