নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন
নাটোরের সিংড়া পৌর এলাকার আলহাজ জালাল উদ্দিন কারিগরি উচ্চবিদ্যালয়ের সুপারসহ ছয় শিক্ষকের নিয়োগ বাতিলের দাবিতে গতকাল বুধবার শিক্ষার্থী ও শিক্ষক-কর্মচারীরা মানববন্ধন করেছেন। মানববন্ধনের পর তাঁরা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
বিদ্যালয় সূত্র জানায়, বিদ্যালয়ের ৩২ জন শিক্ষক-কর্মচারীর মধ্যে ২২ জন শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা গতকাল দুপুরে বিদ্যালয়ের সামনে আধা ঘণ্টা মানববন্ধন করেন। পরে তাঁরা এ ব্যাপারে ইউএনওর কাছে অভিযোগ দেন।
অভিযোগে উল্লেখ করা হয়, বিদ্যালয়ের সুপার নজরুল ইসলাম অবৈধভাবে সুপার হিসেবে নিয়োগ পেয়েছেন। নিয়োগের পর তিনি ভুয়া নিবন্ধনধারী চারজনকে ট্রেড ইন্সট্রাক্টর ও দুজন সহকারী শিক্ষককে নিয়োগ দিয়েছেন। সুপারের দুর্নীতি, অনিয়ম ও অর্থ আত্মসাতের ঘটনায় বিদ্যালয়টি বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। অভিযোগকারীরা তাঁদের অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
অভিযোগ অস্বীকার করে সুপার নজরুল ইসলাম বলেন, ‘একটি মহল আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। বিদ্যালয়ে কোনো অনিয়ম হয়নি।’
২০১০ সালে নজরুল ইসলাম সুপার হিসেবে নিয়োগ পান।