নিয়োগপত্রের দাবিতে ফের কার্যালয় ঘেরাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিয়োগপত্র না পাওয়ায় গতকাল বৃহস্পতিবার প্রায় সাত ঘণ্টা ব্রাহ্মণবাড়িয়ায় বাংলাদেশ গ্যাসফিল্ডস কোম্পানি লিমিটেডের (বিজিএফসিএল) প্রধান কার্যালয় ঘেরাও রাখেন শতাধিক চাকরিপ্রার্থী। উচ্চ আদালতের নির্দেশে বেঁধে দেওয়া সময় পার হওয়ার পরও তাঁরা নিয়োগপত্র পাননি বলে অভিযোগ করেছেন।
বিজিএফসিএলের বিভিন্ন পদে নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ ১৪৩ জন প্রার্থী নিয়োগপত্রের দাবিতে এ কর্মসূচি পালন করেন। প্রার্থীরা সকাল সাতটার দিকে বিজিএফসিএলের প্রধান কার্যালয়ের মূল ফটকের সামনে মিছিল নিয়ে হাজির হন। এ সময় তাঁরা প্রতিষ্ঠানটির ভেতরে কোনো কর্মকর্তা-কর্মচারীকে ঢুকতে দেননি ও ভেতরে থাকা কোনো কর্মকর্তা-কর্মচারীকে বের হতেও দেননি। এ কারণে প্রধান কার্যালয়সহ গ্যাসফিল্ডস স্কুল অ্যান্ড কলেজের কার্যক্রমও প্রায় বন্ধ থাকে। নিয়োগপ্রার্থীরা পরে সেখানে সমাবেশ করেন। দুপুরে নিয়োগপ্রার্থীর একটি দলের সঙ্গে কর্তৃপক্ষ কথা বলে। ঘণ্টা খানেক আলোচনার পর কর্তৃপক্ষ কাল শনিবারের মধ্যে বিষয়টির একটি চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে আশ্বাস দেয়। এরপর সোয়া দুইটার দিকে তাঁরা ঘেরাও তুলে নেন।
কম্পিউটার অপারেটর পদে নিয়োগপ্রার্থী নাহিদ বাবু, জুবায়ের আহমেদ, সৌনক বর্মণসহ একাধিক প্রার্থী হুঁশিয়ারি দিয়ে বলেন, শনিবারের মধ্যে নিয়োগপত্র না দিলে তাঁরা লাগাতার কর্মসূচিতে নামবেন।
বিজিএফসিএলের মানবসম্পদ বিভাগের মহাব্যবস্থাপক নসিবুজ্জামান তালুকদার বলেন, শনিবার পেট্রোবাংলার প্রধান কার্যালয়ে ওই প্রার্থীদের নিয়োগ নিয়ে আলোচনা করা হবে। বোর্ড যা ভালো মনে করে, সেই সিদ্ধান্ত নেওয়া।
২০১১ সালের ৮ এপ্রিল বিজিএফসিএলে কম্পিউটার অপারেটর, গাড়িচালক, ইলেকট্রিশিয়ান ও অ্যাটেনডেন্ট পদে জনবল নিয়োগের জন্য লিখিত পরীক্ষা নেওয়া হয়। এরপর ১৪৩ জনকে চূড়ান্তভাবে মনোনীত করা হয়। এমন সময় নিয়োগ নিয়ে দুর্নীতির অভিযোগ উঠলে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়-সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটি তা তদন্ত করে। এতে অনিশ্চয়তায় পড়ে নিয়োগ কার্যক্রম। চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা হওয়ার পরও নিয়োগ না দেওয়ায় ওই ১৪৩ জন প্রার্থী গত বছর উচ্চ আদালতের রিট করেন। আদালত গত ১২ জুন নিয়োগ দেওয়ার জন্য কোম্পানি কর্তৃপক্ষকে ছয় মাস সময় বেঁধে দেন। গতকাল ছয় মাস পূর্ণ হওয়ার শেষ দিন ছিল। কিন্তু সময় পেরিয়ে গেলেও কর্তৃপক্ষ আজও নিয়োগপত্র দেয়নি।