নিয়োগে অনিয়ম ঠেকাতে উপাচার্যকে ২৪ ঘণ্টার সময়সীমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী নিয়োগের ক্ষেত্রে নানা অনিয়ম ঠেকাতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে ২৪ ঘণ্টার সময়সীমা (আলটিমেটাম) বেঁধে দিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা বঙ্গবন্ধু পরিষদ। একই সঙ্গে এক ব্যক্তিকে একাধিক পদের দায়িত্ব থেকে অপসারণের দাবি জানানো হয়। অন্যথায় কাল মঙ্গলবার থেকে কঠোর কর্মসূচির ডাক দেওয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন পরিষদের নেতারা।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সূত্র জানায়, গতকাল রোববার বেলা একটায় উপাচার্য আমির হোসেন খানের সঙ্গে তাঁর দপ্তরে সাক্ষাৎ করেন বঙ্গবন্ধু পরিষদের নেতৃত্বে থাকা শিক্ষকেরা। তাঁরা নিয়োগে অনিয়ম ঠেকানোসহ বিভিন্ন দাবি জানান। বঙ্গবন্ধু পরিষদের নেতাদের মধ্যে ছিলেন সভাপতি জি এম মনিরুজ্জামান, সাধারণ সম্পাদক মোহাম্মদ আইনুল হক ও সাংগঠনিক সম্পাদক এন এম রবিউল আউয়াল চৌধুরী প্রমুখ। জানতে চাইলে বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক ও নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ আইনুল হক বলেন, ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সর্বস্তরে নিয়োগ ও পদোন্নতিতে অনিয়ম হচ্ছে। আমরা ওই অনিয়ম দূর করার জন্য উপাচার্য মহোদয়কে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছি। একই সঙ্গে কোনো শিক্ষককে একাধিক পদে দায়িত্ব না দেওয়ার অনুরোধ করেছি।’ উপাচার্য আমির হোসেন খান বলেন, শিক্ষকদের এসব অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। এর মধ্যে কিছু অনিয়মের বিষয় তদন্ত হচ্ছে।