নিয়োগে অনিয়মের অভিযোগ ৩৩ জনের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল সিটি কলেজের শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগে সাংসদ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ ৩৩ জনের বিরুদ্ধে আদালতে মামলা করা হয়েছে। আদালতের বিচারক বিবাদীদের কারণ দর্শানোর নির্দেশ দিয়েছেন।
গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বরিশাল প্রথম যুগ্ম জেলা জজ আদালতের বিচারক আবদুল হামিদ আগামী সাত দিনের মধ্যে বিবাদীদের জবাব দেওয়ার নির্দেশ দেন।
গত বুধবার দুপুর ১২টায় নিয়োগবঞ্চিত জীবেশ কর্মকার, মোসাম্মৎ শেফালী, মো. নেয়ামত উল্লাহ ও মো. জালাল মাস্টার আদালতে মামলাটি দায়ের করেন।
মামলায় বিবাদী করা হয়েছে সরকারি ব্রজমোহন কলেজের অধ্যক্ষ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের শিক্ষক মো. কামালউদ্দিন, ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিকস বিভাগের শিক্ষক সুব্রত কুমার আদিত্য, ব্রজমোহন কলেজের সমাজবিজ্ঞান বিভাগের প্রধান মো. ইউনুস, সমাজকল্যাণ বিভাগের সহযোগী অধ্যাপক মো. আবদুস সবুর, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের আক্তার উদ্দিন, মৃত্তিকা বিজ্ঞানের সামছুর রহমান, ইংরেজি বিভাগের মো. এনামুল হক, কলেজ পরিচালনা পরিষদের সভাপতি সাংসদ জেবুন্নেছা আফরোজসহ ৩৩ জনকে।
মামলার আরজিতে উল্লেখ করা হয়, বরিশাল সিটি কলেজের অধ্যক্ষসহ বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগ পরীক্ষায় নিয়োগ বোর্ডের সদস্যরা ও কলেজ পরিচালনা পরিষদের সভাপতি ‘নিয়োগ-বাণিজ্য’ করেছেন। ফলে লিখিত পরীক্ষায় প্রথম হওয়া প্রার্থীকে নিয়োগ দেওয়া হয়নি। এ ছাড়া অন্য এক বিভাগের শিক্ষক প্রার্থীকে পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়নি। তাঁরা টাকার বিনিময়ে অযোগ্য শিক্ষকদের নিয়োগ দিচ্ছেন।
খোঁজ নিয়ে জানা যায়, গত বছরের ৬ এপ্রিল ও ২৫ সেপ্টেম্বর বরিশাল সিটি কলেজে অধ্যক্ষসহ আটজন শিক্ষক নিয়োগের জন্য জাতীয় ও স্থানীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী ২৭ জুলাই ব্রজমোহন কলেজে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয়সহ ব্রজমোহন কলেজের শিক্ষক, কলেজ পরিচালনা পরিষদ যৌথভাবে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে।
মামলার ১ নম্বর বাদী জীবেশ কর্মকার অভিযোগ করে বলেন, ‘সিটি কলেজে নিয়োগ পরীক্ষায় আমি প্রথম হলেও আমাকে নিয়োগ না দিয়ে নিয়োগ বোর্ড যোগসাজশে অর্থের বিনিময়ে অন্য একজনকে নিয়োগ দিয়েছে। শুধু তা-ই নয়, এর বাইরে অন্যান্য পদেও তারা তাদের ইচ্ছা অনুযায়ী নিয়োগ করেছে। ওই নিয়োগ বাতিল চেয়ে আদালতে মামলা করেছি।’
নাম প্রকাশ না করার শর্তে নিয়োগ বোর্ডের এক সদস্য প্রথম আলোকে বলেন, ‘কলেজে শিক্ষক নিয়োগে পরিচালনা পরিষদের ক্ষমতা অসীম। তারা চাইলে এই মনোনয়ন সম্পূর্ণ বাতিল করতে পারে। নিয়োগে অর্থ বাণিজ্য হয়ে থাকলে, সেটা পরীক্ষা কমিটির জানার কথা নয়।’