নিয়োগে অনিয়মের অভিযোগে অধ্যক্ষের কার্যালয়ে ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে কর্মচারী নিয়োগে অনিয়মের অভিযোগে গতকাল শনিবার বিকেলে কলেজের অধ্যক্ষের কার্যালয়ে নিয়োগবঞ্চিতরা ভাঙচুর করেছেন।
তাঁদের অভিযোগ, পরীক্ষা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আগে থেকে ঠিক করা প্রার্থীদের নিয়োগপত্র দেওয়া হয়েছে। তৃতীয় শ্রেণীর চারটি পদে স্বজনপ্রীতির কারণে অধ্যক্ষ, উপাধ্যক্ষ ও কর্মচারীদের আত্মীয়স্বজনকে চাকরি দেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বেলা তিনটার দিকে ১৫-২০ জন যুবক গিয়ে মেডিকেল কলেজের অধ্যক্ষের কার্যালয়ের কাছে বারান্দার দরজার তালা ভেঙে ভেতরে ঢোকেন। এ সময় অধ্যক্ষ কার্যালয়ে ছিলেন না। তাঁরা অধ্যক্ষের কার্যালয়ের দরজার কাচ, টেবিলের কাচ ও ফ্যান ভেঙে ফেলেন এবং বোর্ড থেকে নামফলক তুলে নেন। অধ্যক্ষদের নামের তালিকা থেকে বর্তমান অধ্যক্ষ গোলাম কিবরিয়ার নাম সরিয়ে ফেলা হয়। কলেজের সচিবের কক্ষের নামফলক ভাঙচুর করা হয়।
এ ব্যাপারে কলেজের অধ্যক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন ধরেননি। উপাধ্যক্ষ দায়েম উদ্দিন বলেন, পরীক্ষার সঙ্গে সঙ্গেই নিয়োগপত্র না দিলে এ ক্ষেত্রে নিয়োগ প্রভাবিত হওয়ার আশঙ্কা থাকে। তা ছাড়া সবকিছুই নিয়ম অনুযায়ী করা হয়েছে।