নিয়োগে পক্ষপাতিত্বের আশঙ্কায় সাংসদের বিরুদ্ধে মামলা
রাজশাহী নগরের শাহ মখদুম কলেজে শিক্ষক নিয়োগে পক্ষপাতিত্ব করা হবে, এমন আশঙ্কায় রাজশাহী সদর আসনের সাংসদ ফজলে হোসেন বাদশার বিরুদ্ধে মামলা করা হয়েছে। সাংসদ ওই কলেজ পরিচালনা কমিটি ও নিয়োগ পরীক্ষার সভাপতি।
গতকাল মঙ্গলবার রাজশাহী সদর জ্যেষ্ঠ সহকারী জজ আদালতে ওই কলেজের অর্থনীতি বিভাগের শিক্ষক পদের এক প্রার্থী মমতাজ সুলতানা ফারুকী মামলাটি করেন। আদালতের বিচারক সুরাইয়া শাহাব মামলাটি আমলে নেন।
মামলা দায়েরের পর জানা যায়, বাদী যেই প্রার্থীকে নিয়ে আশঙ্কা করেছিলেন সেই প্রার্থী শাহনাজ বেগমকেই নিয়োগ দেওয়া হয়েছে। মামলায় নিয়োগ কমিটির সদস্যসচিব হিসেবে কলেজের অধ্যক্ষ ও বিষয় বিশেষজ্ঞসহ চারজন এবং শাহ মখদুম কলেজকেও বিবাদী করা হয়েছে।
মামলার আরজিতে বলা হয়েছে, নগরের শাহ মখদুম কলেজে অর্থনীতিসহ বিভিন্ন বিষয়ে শিক্ষক নিয়োগের জন্য গত ২৮ সেপ্টেম্বর লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই পরীক্ষায় অর্থনীতি বিষয়ে ১৪ জন প্রার্থী অংশ নেন। এঁদের মধ্যে শাহনাজ বেগম নামের একজন প্রার্থীর স্বামী আবদুর রশিদ সরকার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক। এই নিয়োগ পরীক্ষায় বিষয় বিশেষজ্ঞও আনা হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকেই। এ কারণে মামলার বাদীর আশঙ্কা, পরীক্ষায় পক্ষপাতের আশ্রয় নিয়ে শাহনাজ বেগমকেই নিয়োগ দেওয়া হবে।
গত বছরের ১৩ অক্টোবর এই নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু ওই সময়ও সুলতানা ফারুকীর বাবা ফারুক আহাম্মেদ সিদ্দিকী একই অভিযোগ তুলেছিলেন সাংসদ ফজলে হোসেন বাদশার কাছে। পরে পরীক্ষার এক দিন আগে তা স্থগিত করা হয়। অভিযোগ পেয়ে সাংসদ ওই সময় মৌখিকভাবে আশ্বাস দিয়ে বলেছিলেন, এই পরীক্ষা পরে নেওয়া হবে এবং অন্য বিশ্ববিদ্যালয় থেকে বিষয়ভিত্তিক বিশেষজ্ঞ আনা হবে।
পরবর্তী সময়ে গত ২৮ সেপ্টেম্বর পরীক্ষা নেওয়ার সময় কাকে বিশেষজ্ঞ আনা হবে, তা গোপন রাখা হয়। কিন্তু মৌখিক পরীক্ষার সময় প্রার্থীরা দেখতে পান আবারও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকেই বিশেষজ্ঞ আনা হয়েছে। তাঁর নাম কাজী জুলফিকার আলী। তিনি অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক।
মামলা দায়েরের পরে বাদী প্রথম আলোকে বলেন, তিনি পরে জানতে পারেন ওই প্রার্থীকেই নিয়োগ দেওয়া হয়েছে।
বাদী পক্ষের মামলা পরিচালনা করেন আইনজীবী এ কে এম আনোয়ার হোসেন ও সৈয়দা শামসুন্নাহার।
এ ব্যাপারে নিয়োগ কমিটির সদস্যসচিব কলেজের অধ্যক্ষ আমিনুর রহমান বলেন, সুষ্ঠু, নিরপেক্ষ ও পক্ষপাতহীনভাবে পরীক্ষা নেওয়া হয়েছে। যোগ্য প্রার্থী হিসেবেই শাহনাজ বেগমকে নেওয়া হয়েছে। তিনি বলেন, বিশেষজ্ঞ জাতীয় বিশ্ববিদ্যালয় থেকেই মনোনীত করা হয়। মামলা আইনি প্রক্রিয়ার মাধ্যমে মোকাবিলা করা হবে।
এ বিষয়ে জানতে ফোন করা হলে ফজলে হোসেন বাদশা পরে কথা বলবেন বলে জানান।