পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সম্প্রতি শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীর ৭২টি পদে নিয়োগে স্বজনপ্রীতি করা হয়েছে বলে অভিযোগ তুলে গতকাল সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেছেন কর্মচারীরা। গত রোববার তাঁরা নতুন নিয়োগপ্রাপ্তদের কাজে যোগদানে বাধা দেন এবং উপাচার্যের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, সম্প্রতি বিশ্ববিদ্যালয়ে সাতজন শিক্ষক, আটজন প্রথম শ্রেণীর কর্মকর্তা, ২৩ জন দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তা এবং ৩৪ জন তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগ দেওয়া হয়। রোববার (১ সেপ্টেম্বর) তাঁদের কাজে যোগ দেওয়ার দিন ধার্য ছিল। ওই দিন সকালে নতুন নিয়োগপ্রাপ্ত ব্যক্তিরা কাজে যোগ দিতে এলে কর্মরত কর্মচারীরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। তাঁরা নতুন কর্মচারীদের কাজে যোগ দিতে বাধা দেন এবং উপাচার্যের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেন। ওই দিন নতুন নিয়োগ পাওয়া কয়েকজন কর্মকর্তা-কর্মচারী কাজে যোগ দিতে পারলেও অন্যরা ফিরে যান।
এই নিয়োগে স্বজনপ্রীতি করার অভিযোগ তুলে এবং ১১ দফা দাবিতে গতকাল থেকে কর্মচারীরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেন। ফলে বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম অচল হয়ে পড়ে। কর্মচারীদের অভিযোগ, নতুন নিয়োগে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টর ব্যাপকভাবে আত্মীয়করণ করেছেন। বিভিন্ন পদে পুরোনো কর্মচারীদের পদোন্নতি না দিয়ে তাঁরা নিজেদের এলাকার ও আত্মীয়দের চাকরি দিয়েছেন। বেশ কয়েকটি পদে নিয়োগ বিজ্ঞপ্তিতে প্রকাশিত পদের তুলনায় অতিরিক্ত নিয়োগও দেওয়া হয়েছে। নতুন এই নিয়োগে কোনো যোগ্যতা দেখা হয়নি। এমনকি উপাচার্য তাঁর বাড়ির কাজের বুয়ার ছেলে ও প্রক্টরের বোনকেও কম্পিউটার অপারেটর পদে চাকরি দিয়েছেন। ১১ দফা দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন কর্মচারীরা।
১১ দফার উল্লেখযোগ্য দাবিগুলো হলো চতুর্থ শ্রেণীর কর্মচারীদের পদোন্নতির সময়সীমা হ্রাসের বিষয়ে কর্তৃপক্ষের মৌখিক সিদ্ধান্তকে লিখিতভাবে প্রদান, সুযোগ-সুবিধা বাড়িয়ে নীতিমালা সংশোধন প্রভৃতি।
অভিযোগের ব্যাপারে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. কামরুজ্জামান বলেন, ‘নিয়োগে কোনো আত্মীয়করণ করা হয়নি। বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী সব নিয়োগ হয়েছে। সেখানে আমার বোন বা উপাচার্যের কোনো আত্মীয় চাকরি পেলেও তাঁরা যোগ্যতার ভিত্তিতেই পেয়েছেন।’ ডেপুটি রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্ম বলেন, উদ্ভূত পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের প্রধান রাশেদ কবিরকে প্রধান করে সাত সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।