নিয়োগের পরও অর্ধশতাধিক শিক্ষকের পদ পূরণ হচ্ছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সিটি করপোরেশনের ১৫টি কলেজের জন্য চুক্তিভিত্তিক ৮০ জন শিক্ষক নিয়োগ দেওয়া হচ্ছে আগামী ৩ নভেম্বর। কিন্তু এর পরও প্রায় অর্ধশতাধিক শিক্ষকের পদ পূরণ হচ্ছে না বলে জানা গেছে।
করপোরেশনের প্রধান শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ শহীদ উল্লাহ প্রথম আলোকে বলেন, সম্প্রতি নিয়োগ পরীক্ষার মাধ্যমে বাছাই করা চুক্তিভিত্তিক ৮০ জন শিক্ষক আগামী ৩ নভেম্বর করপোরেশনে যোগ দেবেন। এরপর তাঁদের বিভিন্ন কলেজে নিয়োগ দেওয়া হবে। বাজেট সংকটের কারণে আপাতত বাকি পদগুলো পূরণ করা সম্ভব হচ্ছে না। ভবিষ্যতে পর্যায়ক্রমে সেগুলো পূরণ করার পরিকল্পনা রয়েছে।
করপোরেশন পরিচালিত ১৫টি কলেজে বর্তমানে প্রায় ১৫০ জন শিক্ষকের পদ খালি রয়েছে। নতুন নিয়োগ পাওয়া শিক্ষকেরা যোগ দিলেও আরও ৭০ জনের পদ খালি থাকবে। করপোরেশন সূত্রে জানা গেছে, গত ৭ ও ২১ সেপ্টেম্বর দুই দফায় কলেজের প্রভাষক পদে লিখিত পরীক্ষা হয়। মোট দুই হাজার ১০০ জন আবেদনকারীর মধ্যে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন এক হাজার ২০৮ জন। পরে দুই দফা মৌখিক পরীক্ষার মাধ্যমে ৮০ জনকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়।
নতুন শিক্ষকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করা হয় স্নাতকোত্তর। এর মধ্যে স্নাতক (সম্মান) এবং স্নাতকোত্তর উভয়টিতে কমপক্ষে দ্বিতীয় শ্রেণী বাধ্যতামূলক ছিল। বাংলা, ইংরেজি, রাষ্ট্রবিজ্ঞান, ইসলামের ইতিহাস, রসায়ন, অর্থনীতি প্রভৃতি বিষয়ে পাঠদানের জন্য এদের নিয়োগ দেওয়া হয়।
শিক্ষক সংকটের কারণে করপোরেশনের কলেজগুলোতে এক বিষয়ের শিক্ষক দিয়ে অন্য বিষয়ের পাঠদান কাজ চালাতে হচ্ছে বলে জানা গেছে। কিন্তু নতুন শিক্ষকদের কাজের স্থায়িত্ব নিয়েও সংশয় দেখা দিয়েছে। কারণ সরকার স্থায়ী শিক্ষক নিয়োগের কোনো অনুমতি না দেওয়ায় করপোরেশন অস্থায়ী ভিত্তিতে এসব শিক্ষক নিয়োগ দিয়েছে। এসব পদে নির্দিষ্ট বেতনের বাইরে কোনো সুযোগসুবিধা এবং এমপিও পাওয়ার কোনো সুযোগ নেই। ফলে চুক্তিভিত্তিক শিক্ষকদের বেশি দিন ধরে রাখাও কঠিন হবে। এতে আবারও সংকট তৈরির আশঙ্কা করছেন করপোরেশনের পুরোনো শিক্ষকেরা।