কর্মকর্তা নিয়োগ ও পদোন্নতি নীতিমালা, ২০১৪ সংশোধনের দাবিতে গতকাল রোববার কর্মবিরতি পালন করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা। কর্মকর্তা সমিতির ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।
গত ২৪ ডিসেম্বর বিশেষ সিন্ডিকেট সভায় এ নীতিমালা অনুমোদন করা হয়। ৮ জানুয়ারি নীতিমালাটি প্রশাসনিক আদেশ হিসেবে প্রচার করা হয়। তখন থেকেই নীতিমালায় অসংগতি রয়েছে বলে অভিযোগ করেন কর্মকর্তারা।
কর্মকর্তা সমিতি সূত্রে জানা গেছে, এ নীতিমালা সংশোধনের দাবিতে ১২ নভেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল কর্মকর্তা সমিতি। কিন্তু দাবি আদায় না হওয়ায় গতকাল সকাল সাড়ে সাতটা থেকে বেলা একটা পর্যন্ত কর্মবিরতি পালন করা হয়। কর্মবিরতির দ্বিতীয় দিন আজ সোমবার নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।
কয়েকজন কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে, এই নীতিমালায় রেজিস্ট্রার কার্যালয়ে অতিরিক্ত রেজিস্ট্রার নামে একটি নতুন পদ তৈরি করা হয়েছে। একইভাবে কম্পট্রোলার, পরিকল্পনা ও উন্নয়ন, জনসংযোগ, শারীরিক শিক্ষা, পরীক্ষা নিয়ন্ত্রক ও কেন্দ্রীয় গ্রন্থাগার কার্যালয়গুলোর প্রতিটিতে অতিরিক্ত রেজিস্ট্রারের সমমানের একটি পদ তৈরি করা হয়েছে। নীতিমালায় উপরেজিস্ট্রার পদ থেকে অতিরিক্ত রেজিস্ট্রার পদে পদোন্নতি পেতে শিক্ষাজীবনের সব পর্যায়ে দ্বিতীয় শ্রেণিসহ স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি থাকার কথা বলা হয়েছে। রেজিস্ট্রার কার্যালয়ে বর্তমানে সাতজন উপরেজিস্ট্রার কর্মরত আছেন। তাঁদের মধ্যে জ্যেষ্ঠ কয়েকজনের স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি নেই। নীতিমালা অনুযায়ী তাঁরা অতিরিক্ত রেজিস্ট্রার হতে পারবেন না।
জনসংযোগ কার্যালয়ে অতিরিক্ত পরিচালকের পদে পদোন্নতির ক্ষেত্রে জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে বলে নীতিমালায় উল্লেখ করা হয়েছে। নীতিমালা অনুযায়ী বর্তমানে এই কার্যালয়ে কর্মরত কেউই পদোন্নতি পাবেন না।
কম্পট্রোলার কার্যালয়ে অতিরিক্ত কম্পট্রোলার পদে পদোন্নতি পেতে ব্যবসায় শিক্ষা অনুষদের অন্তর্ভুক্ত চারটি নির্দিষ্ট বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। এই কার্যালয়ে কর্মরত যাঁদের এ ধরনের ডিগ্রি নেই, তাঁরা বঞ্চিত হবেন। একইভাবে অন্য কার্যালয়গুলোতেও পদোন্নতির ক্ষেত্রে সমস্যা তৈরি হবে।
এ ব্যাপারে উপাচার্য ফারজানা ইসলাম বলেন, ‘কর্মকর্তাদের পক্ষ থেকে অসংগতি সংশোধনের দাবি রয়েছে। সেগুলো এখনো সংশোধন করছি।’ অতিরিক্ত রেজিস্ট্রার পদে পদোন্নতি না দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘এটি গুরুত্বপূর্ণ পদ। পুরো বিশ্ববিদ্যালয়ে এ পদে একজন বা দুজন থাকতে পারেন। নীতিমালা অনুযায়ী পদোন্নতি হলে এই পদে কর্মকর্তার সংখ্যা অনেক হবে। এ সমস্যা সমাধানে আলোচনা করছি।’