নিরক্ষরতামুক্ত বাংলাদেশ গড়তে সর্বাত্মক চেষ্টার আহ্বান রাষ্ট্রপতির
রাষ্ট্রপতি জিল্লুর রহমান দেশকে সামনের দিকে এগিয়ে নিতে দারিদ্র্য ও নিরক্ষরতামুক্ত বাংলাদেশ গড়ার জন্য সবাইকে সর্বাত্মক চেষ্টা চালানোর আহ্বান জানিয়েছেন। আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০১০ উপলক্ষে গতকাল বুধবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় কর্মসূচির উদ্বোধনকালে তিনি এ আহ্বান জানান।রাষ্ট্রপতি বলেন, ‘কেবল প্রজ্ঞাপন বা তথ্যের মাধ্যমে নয়, দারিদ্র্য ও নিরক্ষরতামুক্ত বাংলাদেশ গড়তে আমাদের সর্বাত্মক প্রচেষ্টা চালাতে হবে।’ তিনি বলেন, বর্তমান সরকার ‘সবার জন্য শিক্ষা’ নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ এবং ২০১৪ সাল নাগাদ নিরক্ষরতামুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিরামহীনভাবে কাজ করছে।রাষ্ট্রপতি বলেন, ‘আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, সমন্বিত প্রচেষ্টা ও বাস্তবসম্মত কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে নিরক্ষরতামুক্ত বাংলাদেশ গড়া সম্ভব।’ তিনি বলেন, সরকার সাক্ষরতার হার বৃদ্ধিতে মৌলিক শিক্ষা কর্মসূচির আওতায় প্রাথমিক বিদ্যালয়ে যাওয়ার উপযোগী শতভাগ ছেলেমেয়েকে বিদ্যালয়ে ভর্তি, বিদ্যালয় থেকে শিক্ষার্থীদের ঝরে পড়া হ্রাস, কর্মজীবী শিশুদের শিক্ষা প্রদান এবং বিদ্যালয় নেই, এমন সব গ্রামে বিদ্যালয় স্থাপনসহ বিভিন্ন কর্মসুচি বাস্তবায়ন করছে।রাষ্ট্রপতি বলেন, মৌলিক অধিকার পূরণসহ উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে দারিদ্র্য প্রধান অন্তরায়। এ জন্য তিনি বিভিন্ন আর্থ-সামাজিক সমস্যার সমাধান ও চ্যালেঞ্জ মোকাবিলায় সর্বোচ্চ অগ্রাধিকার প্রদানের ওপর জোর দেন।প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. মোতাহার হোসেন এবং প্রাথমিক ও গণশিক্ষা সচিব আবু আলম শাহিদ খানও অনুষ্ঠানে বক্তব্য দেন। বাসস।