অমর একুশে উপলক্ষে জাতির নিরক্ষরতার কলঙ্ক মোচনের অঙ্গীকার করার আহ্বান জানিয়েছেন দেশের বিশিষ্টজনেরা। তাঁরা সরকারি উদ্যোগের পাশাপাশি স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে দেশ থেকে নিরক্ষরতা দূর করার জন্য সামাজিক আন্দোলন গড়ে তোলারও আহ্বান জানান।গতকাল রোববার এক বিবৃতিতে দেশের বিশিষ্ট নাগরিকেরা এ আহ্বান জানান।বিবৃতিতে বলা হয়, দেশে গণশিক্ষার অবস্থা নাজুক। এ অবস্থা কেবল ভাষা আন্দোলনের জন্যই অমর্যাদাকর নয়, এতে সবার শিক্ষার অধিকার প্রতিষ্ঠার সাংবিধানিক দায়বদ্ধতাও লঙ্ঘিত হচ্ছে। গণশিক্ষার ওপর গুরুত্বারোপ করে তাঁরা বলেন, অর্থনৈতিকভাবে শক্তিশালী দেশগুলোর উন্নয়নের পেছনে গণশিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।বিবৃতিতে আরও বলা হয়, নিরক্ষরতা দূর করার জন্য অনেক প্রকল্প নেওয়া হয়েছে; অর্থকড়ি ব্যয় হয়েছে। কিন্তু সফলতা আসেনি। তাই প্রকল্পের ধারায় নয়, সত্যিকার গণজাগরণ গড়ে তুলতে হবে।বিবৃতি দেওয়া বিশিষ্ট নাগরিকেরা হলেন, খান সরওয়ার মুরশিদ, অধ্যাপক মুশার্রফ হোসেন, অধ্যাপক আনিসুর রহমান, অধ্যাপক মোজাফ্ফর আহমদ, অধ্যাপক জিল্লুর রহমান সিদ্দিকী, আকবর আলি খান, আবদুল্লাহ আবু সায়ীদ, রাশেদা কে চৌধুরী, অধ্যাপক অজয় রায়, সৈয়দ আবুল মকসুদ, সেলিনা হোসেন, শাহদীন মালিক, বদিউল আলম মজুমদার প্রমুখ।