নিরক্ষরদের অক্ষরজ্ঞান দিতে ছাত্রলীগকে নির্দেশ প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বেচ্ছাশ্রমের আওতায় ছাত্রলীগের নেতা-কর্মীদের নিরক্ষরদের অক্ষরজ্ঞান দেওয়ার নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, দেশকে ২০১৪ সালের মধ্যে নিরক্ষরমুক্ত করতে হবে। ছাত্রলীগের নেতা-কর্মীদের তাই নিজ নিজ এলাকায় গিয়ে মানুষকে অক্ষরজ্ঞান দিতে হবে।গতকাল মঙ্গলবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে একুশ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের মানুষ দরিদ্র। আমরা ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে চাই। সবাই মিলে কাজ করে দেশকে এগিয়ে নিতে চাই।’ তিনি বলেন, এখন মাধ্যমিক পর্যায়েও বিনামূল্যে বই দেওয়া হচ্ছে। ঝরে পড়াদের সংখ্যা ৪২ শতাংশ থেকে ২৯ শতাংশে নামানো হয়েছে।শেখ হাসিনা বলেন, ‘বিশ্বকাপ ক্রিকেটের উদ্বোধনী অনুষ্ঠান মানের দিক বিচারে আমরা বিশ্বে দ্বিতীয় অবস্থান পেয়েছি। আমরা যেকোনো দায়িত্ব পেলে আন্তরিকভাবেই তা করার চেষ্টা করি।’ তিনি অভিযোগ করে বলেন, গত বিএনপি-জামায়াত জোট সরকার লুটপাট ও দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। দেশকে তারা কিছুই দিয়ে যেতে পারেনি। কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, ‘সরকার হিসেবে আমরা সব কাজ সঠিকভাবে করতে পেরেছি, তা বলব না। তবে বাংলাদেশকে আমরা পাকিস্তানের মতো ব্যর্থ রাষ্ট্রে পরিণত করিনি।’ সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর সভাপতিত্বে আলোচনায় সভায় আরও বক্তব্য দেন সুরঞ্জিত সেনগুপ্ত, শেখ ফজলুল করিম সেলিম, সাহারা খাতুন, মোহাম্মদ নাসিম, মাহবুব উল আলম হানিফ, আহমদ হোসেন, এম এ আজিজ ও মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। নূহ-উল-আলম লেনিন ও অসীম কুমার উকিলের পরিচালনায় অনুষ্ঠানে বঙ্গবন্ধুকে নিয়ে লেখা কবিতা আবৃত্তি করেন কবি অসীম কুমার সাহা। সংসদে সব শ্রেণী পেশার প্রতিনিধি আছে: আশরাফআলোচনা সভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, জাতীয় সংসদে সমাজের সব শ্রেণী-পেশার প্রতিনিধি রয়েছেন। এখানে আইনজীবী, ব্যবসায়ী, আমলা, সাবেক সেনা কর্মকর্তা, চিকিৎসক, প্রকৌশলীসহ নানা পেশার মানুষ আছেন। সুতরাং ব্যবসায়ীদের হাতে রাজনীতি চলে গেছে—এ রকম সস্তা কথা বলে সব জনপ্রতিনিধিকে খাটো করা যাবে না। এই বক্তব্যের মাধ্যমে বস্তুত তিনি দলীয় কয়েকজন জ্যেষ্ঠ নেতার গত কয়েক দিনের বক্তব্যের জবাব দিলেন। তাঁর আগে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা মোহাম্মদ নাসিমও ওই নেতাদের বক্তব্যের সমালোচনা করেন। গত ২১ ফেব্রুয়ারি ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মিট দ্য প্রেস প্রোগ্রামে আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপদেষ্টামণ্ডলীর সদস্য মার্কেন্টাইল ব্যাংকের চেয়ারম্যান আব্দুল জলিল বলেছেন, রাজনীতি এখন আর রাজনৈতিক নেতৃত্বের কাছে নেই, ব্যবসায়ীরা তা দখল করে নিয়েছেন। সঠিক রাজনৈতিক নেতৃত্বের অনুপস্থিতির সুযোগে ব্যবসায়ীরা সংসদকেও রাজনীতিবিবর্জিত করে তুলেছেন। গত শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সড়কদ্বীপে আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান মান্নার একটি বইয়ের প্রকাশনা উৎসবে দলের উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ, আব্দুল জলিল ও সুরঞ্জিত সেনগুপ্ত রাজনৈতিক নেতৃত্ব নিয়ে কিছু সমালোচনামূলক বক্তব্য দেন।সৈয়দ আশরাফ গতকালের আলোচনা সভায় আরও বলেন, সংবাদ সম্মেলন করে পাট ব্যবসায়ী, গার্মেন্টস ব্যবসায়ী ও ব্যাংক ব্যবসায়ীরা রাজনীতিবিদদের হাতে রাজনীতি নেই বলে বক্তব্য রাখছেন। তাঁরা বলছেন, রাজনীতি ব্যবসায়ীদের হাতে চলে গেছে। কিন্তু আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিতে মাত্র দুজন ব্যবসায়ী আছেন। তিনি বলেন, ভাগাভাগি বা বিভেদ সৃষ্টি না করে শেখ হাসিনার নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।