এক রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে স্বাধীনতা লাভের পর ঠাকুরগাঁওয়ের তরুণ-যুবারা ঝাঁপিয়ে পড়ে আরেকটি যুদ্ধে। সেটি সাক্ষরতার যুদ্ধ, নিরক্ষরমুক্ত গ্রাম গড়ে তোলার যুদ্ধ। সেই যুদ্ধে ঠাকুরগাঁও সদর উপজেলার কচুবাড়ি-কৃষ্টপুর গ্রাম দেশের প্রথম নিরক্ষরমুক্ত গ্রাম হিসেবে স্বীকৃতি পায়। সে অর্জনের চার দশক পরও প্রথম নিরক্ষরমুক্ত গ্রামের আলোতে আলোকিত হতে পারেনি জেলার মানুষ।
যেভাবে সাফল্য আসে: যুদ্ধবিধ্বস্ত দেশকে এগিয়ে নিতে শিক্ষার বিকল্প নেই। তাই ঘরে ঘরে শিক্ষার আলো ছড়িয়ে দিতে হবে—সরকারের এমন উদ্যোগের পর কচুবাড়ি কৃষ্টপুর গ্রামকে নিরক্ষরমুক্ত করে তোলার আন্দোলন শুরু হয়। আন্দোলনে নেতৃত্ব দেন মোকছেদ আলী। তাঁর সঙ্গে যোগ দেন আবদুল খালেক, রিয়াজুল ইসলাম, রমেজা খাতুন, আফাজউদ্দিন, আবদুল জব্বার, হাসিবুল হকসহ ২৪ জন নর-নারী।
আন্দোলনের শুরুতেই তাঁরা গ্রামে মিছিল করে জানান দেন ‘টিপসই ছি ছি, শিখ নাম লিখিতে’। পরে ফসলের খেতে পুরুষদের ও চুলার পাশে বসেই নারীদের নাম লেখা শেখানোর পাশাপাশি শেখানো হয় অ, আ...ক, খ।
গ্রামের ছেলেমেয়েরা শহরের বিভিন্ন কার্যালয়ের কর্মকর্তাদের বলে যান, তাঁদের গ্রামের কেউ টিপসই দিতে চাইলে, তাঁর কাছ থেকে যেন ‘নাকসই’ (নাকখত) নেওয়া হয়। পরে ‘নাকসই’-এর অপমান থেকে বাঁচার জন্য বয়স্করা গ্রামের শিক্ষাকেন্দ্রে গিয়ে বললেন, ‘বাবারে নাম লেখা শিখায়ে দে।’ অবশেষে তিন মাসের পরিশ্রমে গ্রামটি নিরক্ষরমুক্ত হয়ে ওঠে।
কাজে লাগেনি সেই অর্জন: ১৯৯২ সালের নভেম্বর মাসে ব্র্যাক প্রকাশনা থেকে প্রকাশিত ‘উন্নয়ন জিজ্ঞাসা’ গ্রন্থে অর্থনীতিবিদ মো. আনিসুর রহমান উল্লেখ করেন, কচুবাড়ি-কৃষ্টপুর গ্রামের কৃতিত্বকে সম্মান করার জন্য ১৯৭৩ সালের ৮ সেপ্টেম্বর আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ঠাকুরগাঁও শহরে পালন করার সিদ্ধান্ত নেয় সরকার। এ খবরে অন্য গ্রামের যুবকরাও নিরক্ষরতামুক্তির প্রতিযোগিতায় নেমে পড়েন। সে সময় দুই মাসের আন্দোলনে আরও তিনটি গ্রাম থেকে টিপসই দূর হয়।
মোকছেদের সহযোগী তৈয়বা খাতুন জানান, তাঁদের কৃতিত্বকে সম্মান জানাতে তৎকালীন রাষ্ট্রপতি, মন্ত্রী, ঊর্ধ্বতন কর্মকর্তা, সাংবাদিকেরা ঠাকুরগাঁওয়ে আসবেন শুনে গ্রামের মানুষ ব্যাপক প্রস্তুতি নেন। কিন্তু অতিথিরা ঠাকুরগাঁওয়ে এলেও নিরাপত্তার অজুহাতে তাঁদের গ্রামে যাননি। এতে এলাকার মানুষ হতাশ হয়।
আবদুল খালেক বলেন, ‘নিরক্ষরতা মুক্তির আন্দোলন সারা জেলায় ছড়িয়ে পড়বে, এই স্বপ্ন নিয়ে গ্রাম থেকে নিরক্ষরতা দূর করেছিলাম। কিন্তু যাঁরা এ কাজ করেছেন, তাঁদের সেভাবে স্বীকৃতি দেওয়া হয়নি। প্রশাসনও অর্জনটুকু ধরে রাখতে পদক্ষেপ নেয়নি।’ মোকছেদ দীর্ঘদিন অসুস্থ থাকার পর ২০০৭ সালে অনেকটা বিনা চিকিৎসায় মারা যান। তাঁর ছেলে আলিম পাস করে অন্যের বাড়িতে কাজ করে সংসার চালান।
উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো ঠাকুরগাঁও কার্যালয় সূত্রে জানা গেছে, জেলায় ইনেফেপ, বয়স্ক শিক্ষা প্রকল্প, গ্রাম মিলন কেন্দ্র, উপানুষ্ঠানিক শিক্ষা প্রকল্প-১-২ ও পিএলসিইএইচডি প্রকল্প বাস্তবায়ন করা হয়। ২০০০ সালে জেলা প্রশাসকের নেতৃত্বে সার্বিক সাক্ষরতা আন্দোলন (টিএলএম) কর্মসূচির মাধ্যমে তিন লাখ সাত হাজার ৮০০ জন নারী-পুরুষকে সাক্ষরজ্ঞানসম্পন্ন করে গড়ে তোলা হয়। টিএলএম কর্মসূচি বাস্তবায়ন শেষে প্রশাসন সে সময় জেলার সাক্ষরতার হার উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে বলে ঘোষণা দিলেও বাস্তবে তেমন একটা বাড়েনি। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়নে দেওয়া ঠাকুরগাঁওয়ের তথ্য থেকে দেখা যায়, বর্তমানে জেলার সাক্ষরতার হার ৫২ শতাংশ।
তবে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো ঠাকুরগাঁও কার্যালয়ের সহকারী পরিচালক পারভেজ আখতার খান জানান, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ২০১০ সালের জরিপ অনুযায়ী জেলার সাক্ষরতার হার ৪১ দশমিক ৮।
শিক্ষাবিদ মনোতোষ কুমার দে বলেন, ‘সাক্ষরতায় কচুবাড়ি-কৃষ্টপুরের ছেলেমেয়েরা গ্রামে যে আলো জ্বালিয়েছিল, তা গোটা জেলায় ছড়িয়ে দেওয়া খুব কষ্টকর ছিল না। কিন্তু আমরা উদ্যোগ নেইনি। ফলে জেলার সাক্ষরতার হার ধীরে ধীরে কমে গেছে।’
এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মনজুর আলম প্রধান জানান, সাক্ষরতায় পিছিয়ে থাকার কারণগুলো পর্যালোচনা করে তা উত্তরণের ব্যবস্থা নেওয়া হবে।