নিরপরাধ ব্যক্তিকে গ্রেপ্তার, পুলিশকে কারণ দর্শাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একজন নিরপরাধ ব্যক্তিকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানোর অভিযোগে মেহেরপুরের গাংনী থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) জয়নাল আবেদীনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন আদালত। একই সঙ্গে সেই ব্যক্তিকে ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার মেহেরপুরের মুখ্য বিচারিক হাকিম এ নির্দেশ দেন।আদালত সূত্রে জানা গেছে, ২০১০ সালে ঢাকার মুখ্য মহানগর বিচারিক হাকিমের (সিএমএম) আদালতে একটি প্রতারণা মামলা হয়। ওই মামলার আসামি মাহাবুল ইসলামকে গ্রেপ্তারের জন্য গাংনী থানার এএসআই জয়নাল আবেদীন ২ জুন গাংনী উপজেলার মালসাদাহ গ্রামের আজিজুল হক মালিথার বাড়িতে যান। সেখানে মাহাবুল ইসলাম নামে কাউকে না পেয়ে তিনি সাহাবুল ইসলামকে গ্রেপ্তার করেন। এ সময় সাহাবুল নিজেকে নির্দোষ দাবি করে তাঁর জাতীয় পরিচয়পত্র দেখান। এর পরও জয়নাল তাঁকে গ্রেপ্তার করেন এবং মেহেরপুর জেলা কারাগারে পাঠান।আদালতের নির্দেশ পেয়ে গতকালই কারাগার কর্তৃপক্ষ সাহাবুল ইসলামকে মুক্তি দেন। মুক্তির পর সাহাবুল গ্রামের বাড়িতে ফিরে যান।