নিরপরাধ ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের গুরুদাসপুর উপজেলায় ছিনতাইয়ের অভিযোগে পিটুনিতে কামাল হোসেন (৪২) নামের এক ব্যক্তি নিহত হওয়ার ঘটনায় জড়িত ব্যক্তিদের বাদ দিয়ে নিরপরাধ ব্যক্তিদের আসামি করে মামলা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।এ ঘটনার প্রতিবাদে গতকাল সোমবার দুপুরে চাপিলা ইউনিয়নের নওপাড়া উচ্চবিদ্যালয় মাঠে মানববন্ধন ও সমাবেশ কর্মসূচি পালন করা হয়েছে। চাপিলা ইউনিয়ন পরিষদ (ইউপি) ও এলাকাবাসী যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।চাপিলা ইউপির চেয়ারম্যান মো. সামছুল হকের সভাপতিত্বে সমাবশে বক্তব্য দেন ওই ইউপির সাবেক চেয়ারম্যান মো. আবু জাফর মিয়া, নওপাড়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিছুর রহমান, আদিবাসী নেতা রমানাথ মাহাতো, শাহ আলম প্রমুখ। বক্তরা বলেন, নওপাড়া উচ্চবিদ্যালয় থেকে প্রায় এক কিলোমিটার দূরে খামার পাথুরিয়া মাঠের মধ্যে ছিনতাইয়ের অভিযোগে গণপিটুনির শিকার হন কামাল হোসেন। ওই ঘটনার সঙ্গে সেখানকার স্থানীয় কিছু লোক জড়িত। কিন্তু নিহত কামালের ভাই কিছু ব্যক্তির কুপরামর্শে জনপ্রতিনিধিসহ নিরপরাধ মানুষকে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করছেন। বক্তারা তদন্ত করে প্রকৃত দোষী ব্যক্তিদের খুঁজে বের করে আইনের আওতায় এনে নিরপরাধ ব্যক্তিদের মামলার আসামি থেকে বাদ দেওয়ার দাবি জানান।এ ব্যাপারে গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, ঘটনাটির তদন্ত চলছে। অন্যায়ভাবে কাউকে হয়রানি করা হবে না।প্রসঙ্গত, গত ২৯ জানুয়ারি রাতে ছিনতাইয়ের অভিযোগে পিটুনিতে কামাল হোসেন মারা যান। গত শনিবার কামালের বড় ভাই বাদী হয়ে চাপিলা ইউপির সদস্য মাহবুর রহমানসহ ১৭ জন আসামি করে গুরুদাসপুর থানায় হত্যা মামলা করেন।