ঢাকার রেস্তোরাঁয় গত শুক্রবার রাতের জঙ্গি হামলায় নিহত ব্যক্তিদের পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি গতকাল শনিবার এক বিবৃতিতে বলেন, ‘নিরপরাধ মানুষের ওপর যে বর্বর সন্ত্রাসী হামলা হয়েছে, তাতে আমি মর্মাহত।’
গতকাল শনিবার ইউনূস সেন্টার থেকে পাঠানো বিবৃতিতে ড. ইউনূস বলেন, ‘বাংলাদেশে এ ধরনের হামলা হচ্ছে, এটা আমি ভাবতেও পারি না। আমি সব সময় বিশ্বাস করি, বাংলাদেশ একটি সহনশীল উদার দেশ। কীভাবে এই সহিংসতা এ দেশে মাথাচাড়া দিয়ে উঠছে, তা আমাদের অবশ্যই খুঁজে বের করতে হবে। সবার জন্য শান্তিপূর্ণ সমাজ গড়ে তুলতে চাই, যেখানে সবার ঠাঁই হবে। প্রত্যেকে নিজ নিজ দৃষ্টিভঙ্গি স্বাধীনভাবে প্রকাশের অধিকার পাবেন, কোনো সামাজিক বা সরকারি বাধা ছাড়াই। আমরা সমতা ও মর্যাদাপূর্ণ একটি নতুন বিশ্বের অংশ হতে চাই।’
ড. ইউনূস মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য সব দেশের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, ‘সামরিক বা সন্ত্রাসবাদী সহিংসতা কোনো একটি দেশ বা অঞ্চলে চলমান থাকতে পারে না। আমরা এটা প্রতিদিন দেখছি। তাই অবশ্যই আমাদের জেগে উঠতে হবে। কারণ, সহিংসতা এক জায়গায় শুরু হলে অন্যান্য অঞ্চলেও ছড়িয়ে পড়ে, এমনকি বিশ্বের সবচেয়ে প্রত্যন্ত অংশেও। ক্ষমতাধর দেশগুলোর প্রতি আমার আহ্বান, নিজেদের মধ্যে বিভেদ কাটিয়ে মধ্যপ্রাচ্যে শান্তি স্থাপন করুন।’
ড. ইউনূস আরও বলেন, ‘সুশীল সমাজের নেতাদের প্রতি আমার আহ্বান, সহিংসতা বন্ধ করতে আলোচনার টেবিলে বসতে সংশ্লিষ্ট সব পক্ষ এবং ক্ষমতাধর দেশগুলোর ওপর চাপ প্রয়োগ করুন।’