নিরপরাধীকে আটক, মিথ্যা মামলায় আদালতে সোপর্দ
চুরি না করেও চুরির মামলায় গ্রেপ্তার হয়ে জেলহাজতে গেলেন রাজধানীর অদূরে সাভারের ঘোষপাড়ার স্বর্ণের কারিগর পবন আচার্য্য। গহনা বিক্রির ফাঁদ পেতে গত রোববার রাতে বাসা থেকে ডেকে নিয়ে তাঁকে আটক করা হয়। নাটক সাজিয়ে স্বামীকে গ্রেপ্তারের প্রতিবাদ করায় সাভার থানার এক কর্মকর্তা থানার ভেতরেই পবনের স্ত্রী রীনা আচার্য্যকে অশালীন ভাষায় গালিগালাজ করে মারতে তেড়ে যান। অনুসন্ধানে জানা গেছে, রোববার রাত সাতটার দিকে সাভার বাসস্ট্যান্ড এলাকার সিটি সেন্টারের সামনে থেকে ছিনতাইকারী সন্দেহে সিরাজুল ইসলাম নামে এক যুবককে আটক করেন সাভার থানার উপপরিদর্শক মো. আশরাফুল আলম। এরপর তাঁর দেওয়া তথ্যানুযায়ী আটক করেন আলী নামে আরও একজনকে। এ দুজনকে আটকের পর এসআই আশরাফুল তাঁদের কাছে একটি ইমিটেশনের চেন দিয়ে তা স্বর্ণের চেন বলে স্বর্ণকার পবন আচর্য্যের কাছে বিক্রি করতে বলেন। পুলিশের কথামতো রাত নয়টার দিকে ছিনতাইকারী সন্দেহে আটক দুই যুবক সাভার নামাবাজারে যান। এ সময় এসআই আশরাফুল সাদা পোশাকে তাঁদের সঙ্গেই ছিলেন। কিন্তু ওই দিন মার্কেটে সাপ্তাহিক ছুটি থাকায় পবনের দোকান বন্ধ পান। পরে মুঠোফোনে নানা সমস্যার কথা বলে স্বর্ণের চেন বিক্রির প্রস্তাব দেন ছিনতাইকারী সন্দেহে আটক সিরাজুল ইসলাম। বারবার মিনতি করায় পবন বাসা থেকে বের হয়ে সিরাজের কাছে গিয়ে ইমিটেশনের চেনটি হাতে নেওয়ার পরপরই পুলিশ পবনকে আটক করে থানায় নিয়ে যায়। গতকাল সোমবার তাঁদের তিনজনকেই একটি চুরি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হলে আদালত তাঁদের জেলহাজতে পাঠিয়ে দেন। পবনের স্ত্রী রীনা আচার্য্য অভিযোগ করেন, তাঁর স্বামীকে ছলনা করে আটকের পর থানায় ধরে নেওয়ার সংবাদ পেয়ে তিনি রোববার রাত ১০টার দিকে সাভার থানায় যান। এরপর ঘটনা শুনে এর প্রতিবাদ করলে থানার ভেতরে লোকজনের সামনেই এসআই আশরাফুল তাঁকে অশালীন ভাষায় গালিগালাজ করার একপর্যায়ে মারতে তেড়ে যান। এসআই আশরাফুল জানান, রোববার সন্ধ্যায় সিটি সেন্টারের সামনে এক মহিলা পথচারী চেন ছিনতাইয়ের চেষ্টাকালে সিরাজুলকে হাতেনাতে আটক করা হয়। এরপর তাঁর দেওয়া তথ্যানুযায়ী আটক করা হয় আলীকে। তবে ওই মহিলার পরিচয় কী, তা তিনি জানাতে পারেননি এবং তিনি কোনো অভিযোগও করেননি। ওই কর্মকর্তা জানান, সিরাজ ও আলী ছিনতাইয়ের সঙ্গে যুক্ত থাকার কথা স্বীকার করেন এবং ছিনতাই করা স্বর্ণালংকার স্বর্ণকার পবনের কাছে বিক্রি করেন বলে দাবি করেন। এ কারণেই ইমিটেশনের চেন কিনে দিয়ে ছলনা করায় পবনকে আটক করা হয়। তবে সিরাজ ও আলীসহ পবনের কাছ থেকে ছিনতাই হওয়া কোনো মালামাল উদ্ধার করা সম্ভব হয়নি। তাঁদের বিরুদ্ধে লিখিত কোনো অভিযোগ না থাকায় ছিনতাইয়ের মামলায় গ্রেপ্তার না দেখিয়ে সাভার থানায় দায়ের করা একটি চুরির মামলায় গ্রেপ্তার দেখিয়ে গতকাল সোমবার আদালতে পাঠানো হয়। পবনের স্ত্রীকে গালিগালাজের অভিযোগ সম্পর্কে তিনি বলেন, ‘থানার ভেতরে গিয়ে উচ্চ স্বরে কথা বলার কারণে আমি তাঁকে ধমক দিয়েছি। কোনো গালিগালাজ বা মারতে তেড়ে যাইনি।’