ফরিদপুরের মেধাবী স্কুলছাত্রী জাকিয়া আক্তার ওরফে চম্পা (১৪) হত্যার ঘটনায় নিরপেক্ষ তদন্তের আশ্বাস দিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। গতকাল শুক্রবার জাকিয়ার পরিবার ও ফরিদপুরবাসীর পক্ষে আন্দোলনে নেতৃত্বদানকারী নেতারা শহরের বদরপুরে মন্ত্রীর বাসভবনে তাঁর সঙ্গে সাক্ষাৎ করতে গেলে মন্ত্রী এ আশ্বাস দেন।খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘আমি প্রতিদিনই এ বিষয়ে খোঁজ নিচ্ছি। ময়নাতদন্তকারী চিকিৎসকেরা যে প্রতিবেদনই দেন না কেন, পুলিশি তদন্তে যা আসবে, তার ভিত্তিতেই কাজ হবে।’ মন্ত্রী জাকিয়ার পরিবারের নিরাপত্তার ব্যাপারে সার্বক্ষণিক নজর রাখতে এবং আসামিদের গ্রেপ্তারে পুলিশকে নির্দেশ দেন। তিনি তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক অনুদান দেন।গত ১৪ ডিসেম্বর সদরের কাশিমাবাদ গ্রামের সোহরাব শেখের মেহগনি বাগানের একটি গাছ থেকে জাকিয়ার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়।