নিরপেক্ষ নির্বাচন দিতে সরকারের প্রতি আহ্বান ফখরুলের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাম্ভিকতা পরিহার করে আলাপ-আলোচনার মাধ্যমে একটি নিরপেক্ষ নির্বাচন দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘দাম্ভিকতা-অহংকার করবেন না। কারণ, কোনো অহংকারই চিরস্থায়ী হয় না, তা বাংলাদেশের মানুষ বারবার প্রমাণ করেছে।’
গতকাল শনিবার রাজধানীতে ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন মিলনায়তনে ২০-দলীয় জোটের শরিক জাতীয় গণতান্ত্রিক পার্টির যুব সংগঠন যুব জাগপার ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর সভায় মির্জা ফখরুল ইসলাম এ কথা বলেন। তিনি বলেন, ‘রাষ্ট্র এখন সম্পূর্ণভাবে একটি সিকিউরিটি স্টেটে পরিণত হয়েছে। যেখানে পুলিশ ঢাকা সিটি করপোরেশনের একজন কর্মকর্তাকে মারধর করে এই বলে দম্ভোক্তি করেছে যে মাছের রাজা ইলিশ, দেশের রাজা পুলিশ। যেখানে কী রাজনীতিক, কী সাধারণ মানুষ, কারও কোনো অধিকার নেই। আছে কেবল যাঁরা ক্ষমতায় আছেন, তাঁদের। আর তাঁদের যন্ত্রের।’
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, যেখানে মানুষের কথা বলার স্বাধীনতা নেই, গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করা হয়, যেখানে মিথ্যার ওপর সবকিছু প্রতিষ্ঠা করার চেষ্টা হয়, সে দেশকে আর যাই বলা হোক, গণতান্ত্রিক রাষ্ট্র বলা যায় না।
বিএনপির এই নেতা বলেন, দেশের অবস্থা এমন যে সভা করতে হয় অনুমতি নিয়ে। এমনকি ক্লোজড ডোর মিটিংও অনুমতি ছাড়া করা যায় না। এভাবে নিপীড়ন করে কিছুদিন হয়তো ক্ষমতায় থাকা যাবে, কিন্তু একদিন জনগণ জেগে উঠলে ঠেকানোর উপায় থাকবে না।
জাগপার সভাপতি শফিউল আলম প্রধানসহ দল ও জোটের নেতারা এতে বক্তব্য দেন। যুব জাগপার সভাপতি ফাইজুর রহমান সভায় সভাপতিত্ব করেন।