‘নিরপেক্ষ নির্বাচন দিলে বর্তমান খুনি, দুর্নীতিবাজ, জালেম ও অত্যাচারী সরকারকে জনগণ ঘৃণাভরে প্রত্যাখ্যান করবে।’ বিরোধীদলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া গতকাল শনিবার রাজধানীর রূপসী বাংলা হোটেলে জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করে। তিনি নিরপেক্ষ নির্বাচন দিয়ে সরকারকে জনপ্রিয়তা যাচাই করার আহ্বান জানান। বিরোধীদলীয় নেতা বলেন, জনগণের চায় অবাধ ও সুষ্ঠু নির্বাচন। এর জন্য প্রয়োজন নির্দলীয় সরকারের ব্যবস্থা করা। কিন্তু তা করতে সরকার ভয় পায়। কারণ, এ সরকারের অধীন যত স্থানীয় সরকার ও উপনির্বাচন হয়েছে, তার একটিও সুষ্ঠু হয়নি। কোনো প্রশাসনিক প্রতিষ্ঠানই নিরপেক্ষভাবে কাজ করতে পারেনি। তাই এ সরকারের অধীন নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়।খালেদা জিয়া বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে একদিকে দেশের মানুষের ওপর অত্যাচার, নির্যাতন করছে; আরেক দিকে দেশের সম্পদ লুটপাট করেছে। মানুষ এদের হাত থেকে মুক্তি চায়। জনগণের চাওয়া-পাওয়া পূরণ করার জন্য এ সরকারকে বিদায় করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করতে হবে। তিনি এই অত্যাচারী সরকারের হাত থেকে দেশ ও দেশবাসীকে মুক্ত করার জন্য রমজান মাসে আল্লাহর কাছে দোয়া করতে ১৮-দলীয় জোটের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান।সভাপতির বক্তব্যে জামায়াতের নায়েবে আমির এ কে এম নাজির আহমদ একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সমালোচনা করেন। তিনি বলেন, রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্য সরকার একের পর এক জামায়াতের নেতাদের ফাঁসির আদেশ ঘোষণা করেছে। এ বিচার বিতর্কিত, প্রশ্নবিদ্ধ। এর গ্রহণযোগ্যতা নেই। দলের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য আবদুল্লাহ মোহাম্মদ তাহের সরকারের কড়া সমালোচনা করে বলেন, এমন জালেম ও ইসলামবিরোধী শক্তির সঙ্গে আপসের প্রশ্নই আসে না। এই জালেম সরকারের পতনের জন্য জামায়াত-শিবির অগ্রণী ভূমিকা পালন করবে।ইফতার অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, এক কে আনোয়ার, জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, রফিকুল ইসলাম মিয়া, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন, ইনাম আহমেদ চৌধুরী, খেলাফত আন্দোলনের আমির আহমদুল্লাহ আশরাফ, গাজীপুর সিটি করপোরেশনের মেয়র এম এ মান্নান, বরিশালের মেয়র আহসান হাবিব কামাল, এলডিপির সভাপতি অলি আহমদ, জাগপার সভাপতি শফিউল আলম প্রধানসহ ১৮-দলীয় জোটের শরিক দলের শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।