নির্বাচনে নিজস্ব জনবলের পরিবর্তে স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের রিটার্নিং কর্মকর্তা নিয়োগের কারণেই নির্বাচন কমিশন স্বাধীনভাবে নিরপেক্ষ নির্বাচন পরিচালনায় ব্যর্থ হচ্ছে। বাংলাদেশ নির্বাচন কমিশনের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (ডিএফআইডি) যে সহায়তা দিয়েছিল, তার কার্যকারিতা নিরীক্ষায় একজন স্বাধীন বিশেষজ্ঞ এই অভিমত দিয়েছেন।
হানা রবার্টস নামের ওই বিশেষজ্ঞ বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থা পর্যালোচনা করে ওই প্রতিবেদনটি তৈরি করেন ২০১৪ সালের মার্চ মাসে। এতে বাংলাদেশে স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের সামর্থ্য সম্পর্কে প্রশ্ন তোলা হয় এবং ২০১৩ সালের উপজেলা নির্বাচন ও গত ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনের সমালোচনা করা হয়।
বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক ক্ষতিগ্রস্ত হতে পারে—এই আশঙ্কায় ডিএফআইডি এই রিপোর্টটি প্রকাশ না করার সিদ্ধান্ত নেয়। তবে বাংলাদেশে বসবাসকারী ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যান তথ্য অধিকার আইনে এটি প্রকাশের জন্য আইনগত পদক্ষেপ নেওয়ার পর বৃহস্পতিবার ব্রিটিশ সরকার তা প্রকাশ করে।
প্রতিবেদনে বলা হয়, নির্বাচন কমিশনের নিজস্ব জনবলের বাইরে গিয়ে স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা রিটার্নিং কর্মকর্তা হওয়ায় নির্বাচনে সরকারদলীয়দের প্রভাব থেকে যাচ্ছে।
নির্বাচন কমিশনকে সহায়তাদানকারী আন্তর্জাতিক সংস্থাগুলোর একটি ছিল ডিএফআইডি। সংস্থাটি বিভিন্ন প্রকল্পে প্রায় ২৩ লাখ ডলার সহায়তা দিয়েছে। ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনের পর তারা নির্বাচন কমিশনকে ওই সহায়তা দেওয়া বন্ধ রেখেছে। ডিএফআইডি ছাড়াও অন্য কয়েকটি উন্নয়ন সংস্থা ও ইউরোপীয় ইউনিয়ন ওই প্রকল্পে সহায়তা দিচ্ছিল, যা পরে বন্ধ হয়ে গেছে।
সংস্থাটি তাদের প্রতিবেদনে বলেছে, নির্বাচন কমিশন রিটার্নিং কর্মকর্তাদের ওপর তাদের কর্তৃত্ব দেখায় না, বরং অনেক ক্ষেত্রে কমিশন নিষ্ক্রিয় বা দায়সারা ভূমিকা পালন করে। তারা রিটার্নিং কর্মকর্তাকে কিছু নির্দেশনা দিয়েই দায়িত্ব শেষ করে। এরপর কর্মকর্তারা কী করছেন বা কোনো ব্যবস্থা নিচ্ছেন কি না, সে ব্যাপারে কমিশন খোঁজ রাখে না।
প্রতিবেদনে কমিশনের ক্ষমতা ও স্বাধীনতা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। এতে বলা হয়েছে, নির্বাচন কমিশনের যে আইনগত ও প্রশাসনিক ক্ষমতা আছে, সেটিও তুলনামূলকভাবে প্রতিষ্ঠানের ক্ষমতাকে খর্ব করে। নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও অন্য কমিশনাররা এবং সচিবালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সরকার নিয়োগ দেয়। এমনকি কমিশন কোনো আইন করতে চাইলে আইন মন্ত্রণালয়ের অনুমতি নিতে হয়।
প্রতিবেদনে বলা হয়, কমিশনের প্রতি সব পক্ষ সমানভাবে আস্থা আনতে পারেনি। বিরোধীরা সব সময় কমিশনের কর্মকাণ্ডের সমালোচনা করে আসছে। এরা কমিশনের সিদ্ধান্তকে সরকারের পক্ষের বলে মন্তব্য করে থাকে। তা ছাড়া নির্বাচন কমিশনও এসব ক্ষেত্রে ভারসাম্য রক্ষা করে চলতে পারেনি।
ওই প্রতিবেদনের বিষয়ে জানতে চাইলে সাবেক নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন প্রথম আলোকে বলেন, সুষ্ঠু ও কঠোরভাবে নির্বাচন পরিচালনার জন্য কমিশনের উচিত নিজস্ব জনবল থেকে রিটার্নিং কর্মকর্তা নিয়োগ দেওয়া। তাহলে নির্বাচনী অনিয়ম হলে কমিশন দ্রুত ব্যবস্থা নিতে পারে। কমিশনে পর্যাপ্ত জনবল আছে। সদিচ্ছা থাকলেই এটা সম্ভব।
ডিএফআইডির ওই বিশেষজ্ঞ তাঁর প্রতিবেদনে ২০০৮ সালের নির্বাচনে কমিশনের নিজস্ব লোকবল নিয়োগের দৃষ্টান্ত উল্লেখ করে বলেন, বাস্তবে কমিশন ২০০৮ সালের আগের অবস্থায় ফিরে গেছে। তিনি তাঁর প্রতিবেদনে যেসব সুপারিশ তুলে ধরেছেন, তার মধ্যে রয়েছে আইনগত সংস্কার, যাতে নির্বাচনে কোনো স্বেচ্ছাধীন ক্ষমতা প্রয়োগের সুযোগ না থাকে। এ ছাড়া কমিশনার ও কমিশনের কর্মকর্তা নিয়োগ এবং তাদের বাজেট ও বিধি প্রণয়নে সরকারের ওপর নির্ভরশীলতা দূর করার প্রয়োজনীয়তার কথা বলা হয়েছে।
সুশাসনের জন্য নাগরিক সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, ‘বিধি প্রণয়নে আইন মন্ত্রণালয়ে যাওয়ার কারণে কমিশনের ক্ষমতা খর্ব হচ্ছে বলে মনে করি না। এটি একটি প্রক্রিয়া। কমিশন ও কর্মকর্তাদের সরকারই নিয়োগ দেবে।’
প্রতিবেদনে ৫ জানুয়ারির নির্বাচনকে ‘বিতর্কিত’ বলে উল্লেখ করা হয়েছে। আর উপজেলা নির্বাচনে সব দল অংশ নেওয়ার পর নির্বাচন সুষ্ঠু ও অবাধ হয়নি বলে দাবি করা হয়েছে।
এ বিষয়ে আওয়ামী লীগের আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ফারুক খান প্রথম আলোকে বলেন, ডিএফআইডি উন্নয়ন সংস্থা। তারা নানাভাবে বাংলাদেশকে সহায়তা করে। নির্বাচন নিয়ে তাদের নাক গলানো উচিত নয়।
অন্যদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান বলেছেন, এটা ডিএফআইডিকে বলতে হবে কেন, এই কমিশন সরকারের নির্দেশে কাজ করে। তারা উপজেলা নির্বাচন ভালো করতে পারেনি। ৫ জানুয়ারির নির্বাচন সম্পর্কে তো সবাই জানে।
জানতে চাইলে নির্বাচন কমিশনের সচিব সিরাজুল ইসলাম বলেন, বাংলাদেশের নির্বাচন কমিশন খুবই শক্তিশালী। তিনি বলেন, কমিশন সক্রিয় নয় বা নির্বাচন সঠিকভাবে পরিচালনা করতে পারছে না—প্রতিবেদনের এমন তথ্য সঠিক নয়।