নিরপেক্ষ রেফারি ঠিক করতে সংসদে আসুন: কাদের
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের বিরোধী দলের উদ্দেশে বলেছেন, ‘ফাইনাল খেলায় নিরপেক্ষ রেফারি এবং রুলস অব গেম (খেলার নিয়মাবলি) ঠিক করতে জাতীয় সংসদে আসুন। এর চেয়ে উত্তম কোনো জায়গা নেই। বাইরে ঝগড়াঝাঁটি না করে সংসদে তর্ক-বিতর্কের মাধ্যমে ফাইনাল ম্যাচের প্রস্তুতি নিন।’গতকাল শনিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত আলোচনা সভায় ওবায়দুল কাদের এ কথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে ওই আলোচনা সভার আয়োজন করা হয়।ওবায়দুল কাদের বলেন, ‘আমরা বিরোধী দলকে আশ্বস্ত করতে চাই, রোডমার্চে শান্তিপূর্ণ ও সহনীয় আচরণ করলে সরকারও সহনশীল আচরণ দেখাবে।’ জাতীয় সম্প্রচার নীতিমালার খসড়া প্রসঙ্গে তথ্য মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশের সংবিধান, আওয়ামী লীগের ইশতেহার ও তথ্য অধিকার আইনের সঙ্গে সংগতি রেখে পরিশীলিত রূপে খসড়াটি আবার উপস্থাপনের জন্য সুপারিশ করা হয়েছে। তবে গণমাধ্যমকেও মনে রাখতে হবে, স্বাধীনতা মানে স্বেচ্ছাচারিতা নয়। আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন, আয়োজক সংগঠনের সভাপতি আবদুস সালাম প্রমুখ।আ. লীগ খেলতে নামেনি: গতকাল রাজধানীতে আয়োজিত এক সমাবেশে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, আওয়ামী লীগ কোনো খেলা খেলতে নামেনি। তারা জনগণের অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে কাজ করে যেতে চায়।জামায়াতে ইসলামীকে ‘বিষধর সাপ’ উল্লেখ করে হানিফ বলেন, দীর্ঘদিন গর্তে লুকিয়ে থেকে হঠাৎ বের হয়ে বিষাক্ত ছোবল দিয়ে তারা আবার গর্তে ঢুকেছে। ‘যুদ্ধাপরাধীদের বিচার বানচাল করতে বিএনপি-জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের’ প্রতিবাদে শিল্পকলা একাডেমীর সামনের রাস্তায় এ সমাবেশের আয়োজন করে মহানগর যুবলীগ (দক্ষিণ)।সমাবেশে অন্যান্যের মধ্যে সাংসদ আসাদুজ্জামান খান, মহানগর (দক্ষিণ) যুবলীগের সভাপতি মহিউদ্দিন আহমেদ প্রমুখ সমাবেশে বক্তব্য দেন।