
দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছেন ভাষাসৈনিক আবদুল মতিন। তিনি মনে করেন, নির্বাচনকালীন একটি নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা করলেই চলমান রাজনৈতিক সংকটের সমাধান হবে। এই লক্ষ্যে দ্রুত সরকার ও বিরোধী দলের মধ্যে সংলাপের আহ্বান জানিয়েছেন তিনি।
আজ মঙ্গলবার রাতে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়াকে লেখা এক চিঠিতে এই আহ্বান জানান আবদুল মতিন। বিরোধীদলীয় নেতার মিডিয়া উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদার প্রথম আলো ডটকমকে এ তথ্য জানিয়েছেন।
মিডিয়া উইং সকালে জানিয়েছিল, আজ রাতে বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করবেন আবদুল মতিন। তবে রাত সাড়ে নয়টার দিকে শামসুদ্দিন দিদার জানান, অসুস্থতার কারণে আসতে না পেরে চিঠি পাঠিয়েছেন। চিঠিতে দেশের চলমান রাজনৈতিক সমস্যা সমাধানে তিনি দুই নেত্রীকে উদ্যোগী হওয়ার পরামর্শ দেন তিনি।
আবদুল মতিন তাঁর চিঠিতে লিখেছেন, ‘দেশের নাগরিকরা চরম নিরাপত্তাহীনতায় রয়েছে। বিশেষ করে বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রাখার খবর অন্য নাগরিকদের মতো আমার উদ্বেগকেও বাড়িয়ে দিয়েছে। তাঁর বাসায় পানিসংযোগ বিচ্ছিন্ন করার ঘটনায় আমি তীব্র নিন্দা জানাচ্ছি।’
চিঠিতে আবদুল আরও বলেন, খালেদা জিয়াকে নজরবন্দী কিংবা অবরুদ্ধ করার যে কথা শোনা যাচ্ছে, তা চলমান সংকটকে আরও তীব্র করবে। এটা দেশের জন্য আরও বড় বিপদ ডেকে আনবে।
এদিকে আজ রাতে বিরোধীদলীয় নেতার বাসায় তাঁর সঙ্গে দেখা করেছেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি আবদুর রউফ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এমাজউদ্দীন আহমদ, কবি আল মাহমুদ ও আইনজীবী তুহিন মালিক।