চট্টগ্রাম নগর বিএনপির সভাপতি শাহাদাত হোসেন বলেছেন, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা নিরপেক্ষতা হারিয়েছেন।
গতকাল মঙ্গলবার পত্রিকা কার্যালয়ে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।
বিবৃতিতে শাহাদাত হোসেন বলেন, ‘সিইসি স্মার্ট কার্ড বিতরণে শুধু ক্ষমতাসীন দলকে প্রাধান্য দিয়েছেন। বিএনপির নেতাদের উপেক্ষা করার মাধ্যমে প্রমাণ করেছেন, তিনি একটি রাজনৈতিক দলের অ্যাজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত।’
বিবৃতিতে বলা হয়, ‘চট্টগ্রামের মানুষ আশা করছিল, সিইসি চট্টগ্রামের সব রাজনৈতিক দলের নেতাদের উপস্থিতিতে স্মার্ট কার্ড বিতরণ করবেন। কিন্তু তা না করে তিনি গোটা জাতিকে হতাশায় ডুবিয়েছেন।’
বিবৃতিতে শাহাদাত হোসেন বলেন, ‘সিইসি নুরুল হুদা আগামী জাতীয় সংসদ নির্বাচন কীভাবে করবেন, সেটি জনগণের কাছে পরিষ্কার হচ্ছে। তিনি মুখে যতই নিরপেক্ষতার কথা বলেন না কেন, অন্তরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেসক্রিপশন বাস্তবায়ন করবেন, সেটি প্রমাণিত হচ্ছে। সব দলের অংশগ্রহণের ক্ষেত্র তৈরির চেষ্টা চলছে বলে সিইসি যে বক্তব্য দিয়েছেন, তা সম্পূর্ণ মিথ্যাচার ছাড়া আর কিছুই নয়। কারণ, নুরুল হুদা জনতার মঞ্চের একজন সক্রিয় সদস্য ছিলেন।’
বিবৃতিতে শাহাদাত আরও বলেন, বর্তমান সিইসির অধীনে নিরপেক্ষ নির্বাচন আশা করা অবান্তর। অবিলম্বে সব দলের সঙ্গে আলোচনা করে সহায়ক সরকার গঠনের মাধ্যমে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করতে হবে, যেখানে ‘আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব’ স্লোগান যেন বাস্তব রূপ পায়।