নিরপেক্ষতার জায়গায় বারবার প্রশ্নবিদ্ধ হচ্ছে গণমাধ্যম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের গণমাধ্যম এখনো তার কাঙ্ক্ষিত গুণগতমান অর্জন করতে পারেনি। গণমাধ্যম জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি ও সমাজ পরিবর্তনের মাধ্যম হিসেবে কাজ করে। কিন্তু নিরপেক্ষতার জায়গায় আজ বারবারই প্রশ্নবিদ্ধ হচ্ছে আমাদের গণমাধ্যম। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গতকাল শনিবার অনুষ্ঠিত ‘মিডিয়া অ্যান্ড ডেমোক্রেসি’ শীর্ষক সেমিনারে বক্তারা এসব কথা বলেন।সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে এ সেমিনারের আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগ এবং ডেভেলপমেন্ট ফোরাম। সেমিনারে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শরীফ এনামুল কবির, বিশেষ অতিথি হিসেবে সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক সাজেদ আশরাফ করীম উপস্থিত ছিলেন। এ ছাড়া দ্য ডেইলি সান পত্রিকার সম্পাদক অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক নাসিম আখতার হুসাইন, অর্থনীতি বিভাগের অধ্যাপক আনু মুহাম্মদ, আহ্ছানউল্লা ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ের সুজিত চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান গীতি আরা নাসরিন উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন সরকার ও রাজনীতি বিভাগের সভাপতি কে এম মহিউদ্দিন। উপাচার্য তার বক্তব্যে বলেন, গণতন্ত্রের সফলতার ক্ষেত্রে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বাঙালি জাতিসত্তার বিকাশে ও মুক্তিযুদ্ধে এ দেশের গণমাধ্যম প্রশংসনীয় ভূমিকা পালন করেছিল। বাংলাদেশের গণতন্ত্রের উত্তরণে গণমাধ্যম জনগণের মুখপত্র হিসেবে কাজ করছে। সাংবাদিকতার নীতি-নৈতিকতা অনুসরণ করে সংবাদ পরিবেশনের মধ্য দিয়ে দেশ ও জাতি উপকৃত হবে বলে তিনি মন্তব্য করেন।