নিরপেক্ষতার নামে 'মাঝপথে না হাঁটার' আহ্বান তথ্যমন্ত্রীর

নিরপেক্ষতার নামে মাঝপথে না হেঁটে বস্তুনিষ্ঠ হতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। গতকাল মঙ্গলবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে অনুষ্ঠিত এক সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী এ আহ্বান জানান।
তথ্যমন্ত্রী বলেন, গণমাধ্যমের কর্মীরা তাঁদের সংবাদে ভারসাম্য রক্ষা করার কথা বলেন। কিন্তু রাজাকার ও মুক্তিযোদ্ধার ভারসাম্য রক্ষা করা গণমাধ্যমের দায়িত্ব নয়। নিরপেক্ষতার নামে মাঝপথে হাঁটা যাবে না।
‘জাতীয় উন্নয়নে আঞ্চলিক সাংবাদিকতা: সমস্যা ও সম্ভাবনা’ শীর্ষক এ সেমিনারের আয়োজন করে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট। সহযোগিতা করে বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক প্রদীপ কুমার পান্ডে।
তথ্যমন্ত্রী বলেন, ‘আমাদের দেশে যদি কোনো পত্রিকা প্রথম ও শেষ পাতায় প্রধানমন্ত্রী-বিরোধীদলীয় নেত্রীর ছবি না ছাপায়, তবে সেই পত্রিকাকে আমরা শত্রু মনে করি—এই ধারণা সঠিক নয়।’
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিনের সভাপতিত্বে সেমিনারে শুভেচ্ছা বক্তব্য দেন বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের মহাপরিচালক শাহ আলমগীর।