নিরবচ্ছিন্ন আইনি সেবা দেবে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দরিদ্র ও অসচ্ছল বিচারপ্রার্থীরা যেন দেশের সর্বোচ্চ আদালতে নিরবচ্ছিন্ন আইনি সেবা ও ন্যায়বিচার পান, সে লক্ষ্যে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটি কাজ করবে।
গতকাল সোমবার সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কার্যালয়ে অনুষ্ঠিত কমিটির প্রথম সভায় বিচারপতি নিজামুল হক এসব কথা বলেন। তিনি এ কমিটির চেয়ারম্যান। ৮ জুন থেকে সুপ্রিম কোর্টের চিকিৎসা কেন্দ্রের পাশের একটি ভবনে এই কার্যালয়ের কার্যক্রম শুরু হয়েছে। এ কমিটি জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার অধীনে কাজ করে।
কমিটির অন্যতম সদস্য ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এম মাহবুব উদ্দিন খোকন বলেন, পৃথিবীর সব দেশে লিগ্যাল এইড কার্যক্রমকে সফল করতে আইনজীবী সমিতি সব সময় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। লিগ্যাল এইডের মাধ্যমে বাংলাদেশের গরিব-অসহায় মানুষের আইনি অধিকার নিশ্চিত করার জন্য সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি প্রতিশ্রুতিবদ্ধ।
সভায় উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সহসভাপতি মোক্তার কবির খান, আইনজীবী মো. রাজিউদ্দিন সারোয়ার, ডেপুটি অ্যাটর্নি জেনারেল একরামুল হক প্রমুখ। বিজ্ঞপ্তি।