নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে গতকাল রোববার শিবালয় উপজেলার ভুক্তভোগী গ্রাহকেরা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন। এর আগে একই দাবিতে মানিকগঞ্জ পৌরবাসী কয়েক দফা ঝাড়ুমিছিল, তিতাস গ্যাসের কার্যালয় ঘেরাও এবং ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধসহ নানা কর্মসূচি পালন করেন।

প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীরা জানান, গতকাল সকাল ১০টা থেকে শিবালয়ের বিভিন্ন এলাকার কয়েক শ নারী-পুরুষ উপজেলা পরিষদের শহীদ মিনার চত্বরে জড়ো হতে থাকেন। বেলা ১১টার দিকে সেখান থেকে তাঁরা বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা-আরিচা মহাসড়কের টেপড়া বাসস্ট্যান্ড এলাকায় যান। সেখানে মহাসড়কের পাশে তাঁরা মানববন্ধন করেন। এ সময় পুলিশ এসে মানববন্ধনে বাধা দেওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়।

মানববন্ধন চলাকালে স্থানীয় বাসিন্দা শাহনাজ বেগম, আতোয়ার হোসেন, সোনিয়া আক্তার, বিল্লাল হোসেন, শামসুল আলম, রাম প্রসাদ ঘোষ প্রমুখ বক্তৃতা করেন।

ভুক্তভোগীরা জানান, চার-পাঁচ মাস ধরে শিবালয়ের টেপড়া, শিবরামপুর, দশচিড়া, উথলী ও আরিচা এলাকায় গ্যাসের সংকটে তাদের দুর্ভোগ চরমে উঠেছে। দিন-রাত মিলে তাঁরা আধা ঘণ্টাও গ্যাস পাচ্ছেন না। অথচ পাশের সিএনজি-চালিত স্টেশনগুলোতে ২৪ ঘণ্টাই গ্যাস সরবরাহ করা হচ্ছে।

আধা ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে বিক্ষুব্ধ এলাকাবাসী তিতাস গ্যাসের স্থানীয় কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেন। এ সময় কার্যালয়ে কোনো কর্মকর্তা ছিলেন না। দুপুর ১২টার দিকে সেখান থেকে চলে যান আন্দোলনকারীরা।

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড মানিকগঞ্জ কার্যালয়ের ব্যবস্থাপক মো. সিরাজুল ইসলাম বলেন, গ্যাস-সংকট জাতীয় সমস্যা। চাহিদার তুলনায় সরবরাহ কম হওয়ায় এই সমস্যা দেখা দিয়েছে। শিগগিরই সংকট কেটে যাবে।