নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবি
নারায়ণগঞ্জ নগরের বিভিন্ন এলাকায় আবাসিক বাড়িতে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে মানববন্ধন করেছে নারায়ণগঞ্জ নাগরিক কমিটি। নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে গতকাল মঙ্গলবার এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
পরে নাগরিক কমিটির নেতারা নগরের চাষাঢ়া বালুর মাঠে অবস্থিত তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড নারায়ণগঞ্জ অফিসের উপমহাব্যবস্থাপকের মাধ্যমে তিতাস গ্যাসের ব্যবস্থাপনা পরিচালকের কাছে একটি স্মারকলিপি দেন।
মানববন্ধনে নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি এ বি সিদ্দিকের সভাপতিত্বে বক্তব্য দেন সংগঠনের সহসভাপতি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি, সাধারণ সম্পাদক আবদুর রহমান, সিপিবির জেলা সভাপতি হাফিজুল ইসলাম, বাসদের জেলা সমন্বয়ক নিখিল দাস, গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়ক তরিকুল সুজন, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক ধীমান সাহা প্রমুখ।
বক্তারা বলেন, নারায়ণগঞ্জে গ্যাস-সংকট এখন চরমে উঠেছে। শহরের অধিকাংশ এলাকাতেই দিনের বেলা গ্যাসের সরবরাহ থাকে না। শীত আসার আগেই এমন সংকট নারায়ণগঞ্জবাসীর জন্য অশনিসংকেত। এ সংকটের স্থায়ী সমাধানের জন্য আগেও নারায়ণগঞ্জ নাগরিক কমিটির পক্ষ থেকে নানা প্রস্তাব দেওয়া হয়েছে। কিন্তু কর্তৃপক্ষ তার কিছুই বাস্তবায়ন করেনি।