নিরবচ্ছিন্ন গ্যাসের দাবিতে কুমিল্লায় মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে গতকাল রোববার কুমিল্লা প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছেন ভুক্তভোগী গ্রাহকেরা। গ্যাস-সংকট উত্তরণ মঞ্চের ব্যানারে ওই মানববন্ধন শেষে গ্রাহকেরা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেন।
মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি করপোরেশনের প্যানেল মেয়র হারুনুর রশিদ, কাউন্সিলর কাজী মাহবুবুর রহমান, জাকির হোসেন, খলিলুর রহমান, নাজনীন কাজল, গ্যাস-সংকট উত্তরণ মঞ্চের মুখপাত্র শহীদুল হক, সমন্বয়কারী মনির মৈশান, শাহ আলম মজুমদার, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কুমিল্লা জেলার সাধারণ সম্পাদক পরেশ রঞ্জন কর, বাসদের সমন্বয়ক নাসিরুল ইসলাম, কুমিল্লা সিটি করপোরেশনের গত নির্বাচনে পরাজিত মেয়র প্রার্থী চঞ্চল ঘোষ ও দিশাবন্দ এলাকার আনোয়ার হোসেন প্রমুখ।
মানববন্ধন কর্মসূচি শেষে কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ে যান গ্রাহকেরা। এরপর তাঁরা গ্যাস-সংকট নিরসনের জন্য জেলা প্রশাসক মো. হাসানুজ্জামান কল্লোলের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেন। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, কুমিল্লা সিটি করপোরেশনের দক্ষিণ অংশ ও জেলার দক্ষিণ এলাকার ৫৭টি গ্রামের পাঁচ হাজার পরিবার বাখরাবাদের গ্রাহক। এ পরিবারের সদস্যরা প্রতি মাসে ৫৫ লাখ টাকা গ্যাস বিল পরিশোধ করেন। কিন্তু শীতের এই মৌসুমে গ্যাস পাওয়া যাচ্ছে না।
শহীদুল হক বলেন, ‘গ্যাস-সংকট নিরসনের দাবিতে আমরা প্রতিবাদী পদযাত্রা, ঝাড়ু মিছিল, মতবিনিময় সভা ও মানববন্ধন করেছি। এখন প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে। সেখান থেকে সাড়া না মিললে ১০ হাজার লোক নিয়ে বাখরাবাদ দপ্তরের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হবে। চুলায় গ্যাস নেই, অথচ সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গ্যাস রয়েছে। এ অন্যায় মেনে নেওয়া যায় না।’
এ বিষয়ে বাখরাবাদের ব্যবস্থাপনা পরিচালক নিজামুল হাসান শেরীফ বলেন, শীত এলে গ্যাসের চাপ কমে যায়। তার ওপর পাইপলাইনে ত্রুটি রয়েছে। এ ছাড়া নতুন করে গৃহস্থালি, শিল্প-কারখানা ও সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস সংযোগ দেওয়ার কারণে গ্রাহক বেড়েছে। কুমিল্লায় প্রতিদিন ৫৫ মিলিয়ন ঘনফুট গ্যাসের প্রয়োজন। কিন্তু পাওয়া যাচ্ছে ৩০ মিলিয়ন ঘনফুট। সারা দেশেই গ্যাসের উৎপাদন কমে গেছে। চাহিদা বেড়েছে। শিগগিরই সংকট মোকাবিলা করার জন্য চেষ্টা করা হবে।