নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে কার্যালয় ঘেরাও
নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে গতকাল বৃহস্পতিবার নোয়াখালীর চাটখিলে পল্লী বিদ্যুৎ সমিতির আঞ্চলিক কার্যালয় ঘেরাও এবং বিক্ষোভ মিছিল করেছেন ক্ষুব্ধ গ্রাহকেরা। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই ঘেরাও চলে।
স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে চাটখিলে পল্লী বিদ্যুতের তীব্র লোডশেডিং চলছে। ২৪ ঘণ্টার মধ্যে প্রায় ১০ ঘণ্টাই লোডশেডিং থাকে। এতে এলাকার গ্রাহকেরা অতিষ্ঠ হয়ে উঠেছেন।
স্থানীয় সূত্রের অভিযোগ, বুধবার পৌর শহরের ভীমপুর এলাকার এক গ্রাহক পল্লী বিদ্যুতের অভিযোগ কেন্দ্রে ফোন করে বিদ্যুৎ সরবরাহের বিষয়ে জানতে চাইলে কর্তব্যরত পল্লী বিদ্যুতের কর্মী তাঁর সঙ্গে দুর্ব্যবহার করেন। এ ঘটনা এলাকায় জানাজানি হলে গ্রাহকদের মাঝে ক্ষোভ ছড়িয়ে পড়ে।
স্থানীয় লোকজন জানান, গতকাল সকাল থেকে পৌর এলাকার এবং আশপাশের এলাকার গ্রাহকেরা জড়ো হতে থাকেন। সকাল ১০টার দিকে দুই শতাধিক ক্ষুব্ধ গ্রাহক মিছিল নিয়ে পৌরসভার খিলপাড়া সড়কে পল্লী বিদ্যুতের আঞ্চলিক কার্যালয় ঘেরাও করেন।
ক্ষুব্ধ গ্রাহকেরা এ সময় নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে বিভিন্ন স্লোগান দেন এবং গ্রাহকদের সঙ্গে দুর্ব্যবহারের ঘটনার সঙ্গে জড়িত পল্লী বিদ্যুতের কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
চাটখিল পল্লী বিদ্যুতের কার্যালয় সূত্র জানায়, চাটখিল ও পাশের সোনাইমুড়ী উপজেলায় বিদ্যুৎ সরবরাহ করা হয় জেলার বেগমগঞ্জের চৌমুহনী গ্রিড সাবস্টেশন থেকে। উপজেলা দুটির বিদ্যুতের চাহিদা ২২ মেগাওয়াট। কিন্তু গ্রিড সাবস্টেশনের ট্রান্সফরমারের ধারণক্ষমতা না থাকায় চাহিদা অনুযায়ী বিদ্যুৎ কখনোই সরবরাহ করা হয় না। ২২ মেগাওয়াট চাহিদার বিপরীতে বিদ্যুৎ সরবরাহ করা হয় মাত্র ১০-১২ মেগাওয়াট। পল্লী বিদ্যুৎ সমিতির আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) গোপাল চন্দ্র শিব প্রথম আলোকে বলেন, গ্রিডের ট্রান্সফরমারের সমস্যার কারণে তাঁরা চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ পান না। তা ছাড়া উপজেলা সদরে বেশি সময় বিদ্যুৎ দিতে গিয়ে অন্য এলাকায় লোডশেডিংও করতে হয় বেশি। এ জন্য গতকাল কিছু গ্রাহক কার্যালয়ের সামনে এসে হইচই করার চেষ্টা করেছেন। পরে বিদ্যুৎ সরবরাহ বাড়ানোর আশ্বাস দিলে তাঁরা
ফিরে যান।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম খলিল বলেন, লোডশেডিংয়ের প্রতিবাদে কিছু লোক পল্লী বিদ্যুতের কার্যালয় ঘেরাও করতে যান। পরে সেখানে গিয়ে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে তাঁদের সরিয়ে দেওয়া হয়।