জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন। ‘বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ ছাত্র সমাজ’-এর ব্যানারে সাধারণ শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করেন।গতকাল শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে ক্যাম্পাসে ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে অমর একুশে ভাস্কর্যের পাদদেশে সমাবেশ কর্মসূচি পালন করা হয়। সমাবেশ শেষে সেখান থেকে ‘বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ ছাত্র সমাজ’-এর ব্যানারে শিক্ষার্থীরা একই দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে শিক্ষার্থীদের আট সদস্যবিশিষ্ট একটি প্রতিনিধিদল উপাচার্য অধ্যাপক শরীফ এনামুল কবিরের সঙ্গে দেখা করে। এ সময় উপাচার্য শিক্ষার্থীদের বিদ্যুৎ-সংকট নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন এবং শিক্ষার্থীদের উপস্থিতিতেই পল্লী বিদ্যুতের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেন। আজ রোববার সকাল ১০টায় উপাচার্য সমস্যা সমাধানে করণীয় বিষয় নিয়ে বিশ্ববিদ্যালয়ের সব ছাত্রসংগঠনের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করবেন। সমাবেশ কর্মসূচিতে বক্তব্য দেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক জোটের সভাপতি মাহি মাহফুজ, সহসভাপতি জুবায়ের আল মাহমুদ নাদিম, ছাত্র ইউনিয়ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক এস জে দ্বীপ, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সাংগঠনিক সম্পাদক মৈত্রী বর্মণ প্রমুখ। এর আগে গত বুধবার রাতে একই দাবিতে শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল এবং পরে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করেছিলেন।