জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গতকাল রাতে লোডশেডিংয়ের প্রতিবাদে ও নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। মিছিল শেষে তাঁরা ঢাকা-আরিচা মহাসড়কে অবরোধ করেন। প্রায় ২০ মিনিট পর বিদ্যুৎ এলে তাঁরা অবরোধ তুলে নেন। গতকাল বুধবার ক্যাম্পাসে সারা দিনে ১৫-২০ বার বিদ্যুৎ আসা-যাওয়ার ঘটনা ঘটে। সন্ধ্যার পর এটি চরম আকার ধারণ করে। এতে ক্ষুব্ধ হয়ে পড়েন শিক্ষার্থীরা। রাত সাড়ে আটটার দিকে বিভিন্ন হলের শিক্ষার্থীরা সমবেত হয়ে ক্যাম্পাসে নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে ক্যাম্পাসের বটতলা থেকে বিক্ষোভ মিছিল বের করেন। তাঁরা মিছিল সহকারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শরীফ এনামুল কবিরের বাসভবনের সামনে জড়ো হয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এ সময় উপাচার্য শিক্ষার্থীদের তিন দিনের মধ্যে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের আশ্বাস দেন। উপাচার্যের আশ্বাসের পর তাঁরা সেখান থেকে চলে গিয়ে একই দাবিতে রাত সাড়ে নয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেট-সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করেন।