নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে সড়ক অবরোধ, মানববন্ধন
বিদ্যুৎ সমস্যার সমাধান ও নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে গতকাল সোমবার ময়মনসিংহের নান্দাইলে মানববন্ধন এবং কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে স্থানীয় লোকজন।
নান্দাইল পৌর শহর ও উপজেলার বিভিন্ন গ্রামের লোকজন গতকাল সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা পরিষদের সামনে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে মানববন্ধন করে।
নাগরিক কমিটি নামের একটি সংগঠন এই কর্মসূচির আয়োজন করে। ঘণ্টাব্যাপী কর্মসূচি চলার সময় মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল। আয়োজকেরা তাঁদের দাবি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পৌঁছানোর জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ শাহানুর আলমের কাছে স্মারকলিপি দেন।
নাগরিক কমিটির পাঁচজন নেতা বলেন, কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি কিছুদিন পরপর মাইকিং করে বিদ্যুতের লাইন মেরামত করার অজুহাতে সপ্তাহে শুক্রবার ও শনিবার বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখে। প্রতিষ্ঠানটি গ্রাহকদের ভোগান্তি দূর করতে পারছে না। এ সমস্যা সমাধানের জন্য নান্দাইলের বিদ্যুৎ সরবরাহব্যবস্থা ময়মনসিংহ বিভাগের সঙ্গে যুক্ত করতে হবে।
দুপুর ১২টার দিকে পাকুন্দিয়া পৌরসভার ছাত্র-জনতার উদ্যোগে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি পৌর সদর বাজার ঘুরে উপজেলা পরিষদের ফটকের সামনে কিশোরগঞ্জ-ঢাকা মহাসড়ক দুপুর সাড়ে ১২টা থেকে আড়াইটা পর্যন্ত অবরোধ করে রাখে। এ সময় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। কর্মসূচিতে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মোতায়েম হোসেন, উপজেলা জাতীয় পার্টির সভাপতি আল আমিন, মুক্তিযোদ্ধা কমান্ডার মিজবাহ উদ্দিন, পাকুন্দিয়া ডিগ্রি কলেজ ছাত্র সংসদের সাবেক সহসভাপতি (ভিপি)
আবদুল হাকিম, ছাত্রনেতা হাদিউল ইসলাম ও রানা সিকদার বক্তব্য দেন। পরে পাকুন্দিয়ার ইউএনও মোহাম্মদ কবির উদ্দীন ও
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন পাকুন্দিয়া পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপকের (জিএম) সঙ্গে আলোচনা করে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করা হয়।
অবরোধ শেষে আন্দোলনকারীরা ইউএনওর মাধ্যমে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন।