নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসন্ন রমজান মাসে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত এবং নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখার দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ। রাজশাহী নগরের সাহেববাজার জিরো পয়েন্টে গতকাল বুধবার এসব কর্মসূচি পালন করা হয়। এসব কর্মসূচি থেকে আগামী জাতীয় বাজেটে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগব্যবস্থা চালুসহ ১৪ দফা দাবিও তুলে ধরা হয়।

রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সভাপতি মো. লিয়াকত আলীর সভাপতিত্বে মানববন্ধন ও সমাবেশ থেকে বক্তারা প্রশাসনের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, রোজা শুরুর আগেই নিত্যপণ্যের বাজার অস্থিতিশীল করার পাঁয়তারা শুরু হয়েছে। চাল, ডাল, ছোলা, মাছ, মাংস ও ইফতারসামগ্রীর মূল্যবৃদ্ধির প্রতিযোগিতা শুরু হয়েছে। বাজার সিন্ডিকেট গোষ্ঠী ভেজাল খাদ্য তৈরির অশুভ কারসাজি শুরু করেছে। রোজা শুরুর আগেই বিদ্যুতের ভেল্কিবাজি চলছে।