আপাতত বিদ্যুতের দাম কমানোর পরিকল্পনা নেই: নসরুল
উৎপাদন খরচ কমলেও আপাতত বিদ্যুতের দাম কমানোর কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
আজ রোববার জাতীয় সংসদে সাংসদ রুস্তম আলী ফরাজীর প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, সম্প্রতি জ্বালানি তেলের দাম কমানোর ফলে বিদ্যুতের ইউনিট প্রতি উৎপাদন খরচ ৬ টাকা ২৭ পয়সা থেকে কমে ৫ টাকা ৬০ পয়সায় দাঁড়িয়েছে। কিন্তু বিদ্যুতের বিক্রয়মূল্যের চেয়ে উৎপাদন খরচ এখনো ৭০ পয়সা বেশি। যে কারণে আপাতত বিদ্যুতের দাম কমানোর কোনো পরিকল্পনা নেই।
এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে নসরুল হামিদ বলেন, সরকার স্বল্প খরচে চট্টগ্রাম থেকে ঢাকায় জ্বালানি তেল সরবরাহের জন্য ২৪০ কিলোমিটার পাইপলাইন তৈরির পদক্ষেপ গ্রহণ করেছে। পাইপলাইন তৈরির সম্ভাব্যতা সমীক্ষা পর্যায়ে রয়েছে। আগামী তিন বছরের মধ্যে প্রকল্পটি বাস্তবায়ন করা সম্ভব হবে বলে আশা করা যায়।
সামশুল হক চৌধুরীর প্রশ্নের জবাবে নসরুল হামিদ বলেন, বর্তমানে বড় পুকুরিয়া কয়লা খনি থেকে বছরে ১০ লাখ টন কয়লা উৎপাদন হচ্ছে। উৎপাদিত কয়লার ৬০ থেকে ৬৫ শতাংশ বড় পুকুরিয়া ২৫০ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রে সরবরাহ করা হচ্ছে। এই কেন্দ্রে ২৭৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতাসম্পন্ন আরও একটি ইউনিট স্থাপনের কাজ চলমান আছে। এ ছাড়া দিঘীপাড়া কয়লাক্ষেত্র উন্নয়ন ও উৎপাদনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এই খনি থেকে বছরে ৩০ লাখ টন কয়লা উৎপাদন সম্ভব হবে এবং এই কয়লা দিয়ে ১ হাজার ২০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।
গাজী ম ম আমজাদ হোসেনের প্রশ্নের জবাবে নসরুল হামিদ বলেন, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়েছে। এই পরিকল্পনার আওতায় ২০২১ সালের ২৪ হাজার মেগাওয়াট, ২০৩০ সালে ৪০ হাজার এবং ২০৪১ সালে ৬০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের মহাপরিকল্পনা নেওয়া হয়েছে। এ ছাড়া ২০২১ সালের মধ্যে বিদ্যুতের সঞ্চালন লাইন ১৯ হাজার সার্কিট কিলোমিটারে উন্নীত করা হবে।
জেবুন্নেসা আফরোজের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, বিদ্যুতের উৎপাদন খরচ বিক্রয় মূল্যের চেয়ে বেশি হওয়ায় প্রস্তাবিত অর্থবছরে বিদ্যুৎ খাতের জন্য প্রস্তাবিত বাজেটে ৫ হাজার কোটি টাকা চাওয়া হয়েছে।
মোহাম্মদ ইলিয়াছের প্রশ্নের জবাবে হাসানুল হক ইনু বলেন, দেশে অনুমোদিত স্যাটেলাইট টিভির সংখ্যা ৪১, এফএম বেতার ২৮, রেডিও ৩২ এবং দৈনিক পত্রিকার সংখ্যা ১ হাজার ৮৬টি। অবৈধ ও অনিবন্ধিত অনলাইনভিত্তিক টিভি চ্যানেল, রেডিও ও পত্রিকাকে বিধিবিধানের আওতায় আনতে নীতিমালা প্রণয়নের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যে এসব মাধ্যমকে নিবন্ধনের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এতে সাড়া দিয়ে ১০৫টি অনলাইন টিভি ও ১ হাজার ৭১৭টি অনলাইন পত্রিকা নিবন্ধনের জন্য তথ্য অধিদপ্তরে আবেদন করেছে।
প্রশ্নোত্তরের আগে বেলা পৌনে এগারোটায় স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়। প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।