রাঙামাটি শহরে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে মানববন্ধন করেছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। ‘রাঙামাটিবাসীর ব্যানারে’ অনুষ্ঠিত এ কর্মসূচিতে অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। মানববন্ধনে বক্তারা আগামী রোববারের মধ্যে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক না হলে আন্দোলনে নামার হুমকি দিয়েছেন।
রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গতকাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ঘণ্টাব্যাপী মানববন্ধন করা হয়। বক্তারা বলেন, বিদ্যুতের জন্য সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করতে হয়েছে রাঙামাটিবাসীর। মানুষের সহায়-সম্পদ ভাসিয়ে দিয়ে জলবিদ্যুৎকেন্দ্র করা হয়েছে। কাপ্তাই জলবিদ্যুৎকেন্দ্রে ২৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হলেও রাঙামাটি শহরের জন্য ১০-১২ মেগাওয়াট বিদ্যুতের চাহিদা পূরণ করা হয় না।
বক্তাদের অভিযোগ, রাঙামাটি শহরে দিনে গড়ে ২৫-৩০ বার বিদ্যুৎ যায়। সন্ধ্যায় বিদ্যুতের অভাবে ব্যবসা-বাণিজ্য চালানো যাচ্ছে না। ছেলেমেয়েদের পড়াশোনায় ব্যাঘাত ঘটছে। ঘন ঘন বিদ্যুতের আসা-যাওয়ায় বাড়ির ইলেকট্রনিকস সামগ্রী নষ্ট হচ্ছে। মানববন্ধন শেষে একটি প্রতিনিধিদল জেলা প্রশাসকের কার্যালয়ে যায়। তারা রাঙামাটির জেলা প্রশাসক মো. মানজারুল মান্নানকে গিয়ে বিদ্যুৎ পরিস্থিতি সম্পর্কে অবহিত করে।
মানববন্ধনে সাংবাদিক ফজলে এলাহীর সঞ্চালনায় বক্তব্য দেন রাঙামাটি পৌরসভার মেয়র মো. আকবর হোসেন চৌধুরী, সাবেক মেয়র মো. সাইফুল ইসলাম, বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মো. আবু সাঈদ, নিউমার্কেট ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি দেবব্রত চৌধুরী, রাঙামাটি রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক এম জিসান বখতিয়ার, উন্নয়নকর্মী ললিত সি চাকমা, রাঙামাটি প্রেসকাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন, সাবেক সভাপতি মো. শামসুল আলম প্রমুখ।
যোগাযোগ করা হলে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের রাঙামাটি নির্বাহী প্রকৌশলী সবুজ কান্তি মজুমদার বলেন, আগামী শনিবার বিদ্যুৎ সঞ্চালন লাইন মেরামতের কাজ করা হবে। এ ছাড়া কাপ্তাইয়ের চন্দ্রঘোনা থেকে বড়ইছড়ি পর্যন্ত বিদ্যুতের যে নতুন সঞ্চালন লাইন টানা হয়েছে তাতেও বিদ্যুৎ-সংযোগ দেওয়া হবে। এতে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে।