নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে সড়ক অবরোধ
ট্রান্সফরমার স্থাপন ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে খাগড়াছড়ি-পানছড়ি সড়ক অবরোধ করেছেন স্থানীয় বাসিন্দারা। গতকাল মঙ্গলবার সকালে খাগড়াছড়ির পানছড়ি উপজেলার পোড়াবাড়ি ও চৌধুরীপাড়া এলাকায় সড়ক অবরোধ করা হয়।
পানছড়ি উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রত্না তঞ্চঙ্গ্যা বলেন, গতকাল সকাল সাতটার দিকে স্থানীয় লোকজন সড়ক অবরোধ করলে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় দুর্ভোগে পড়েন যাত্রীরা। পরে বিদ্যুৎ বিভাগ বুধবারের (আজ) মধ্যে ট্রান্সফরমার স্থাপনের আশ্বাস দিলে বেলা ১১টার দিকে সড়ক অবরোধ প্রত্যাহার করে নেন বিক্ষুব্ধ লোকজন।
স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য আবুল বাশার বলেন, ট্রান্সফরমার বিকল হওয়ায় পানছড়ির ১১টি গ্রাম টানা চার দিন ধরে বিদ্যুৎ-বিচ্ছিন্ন রয়েছে। এর প্রায় তিন মাস আগে একই ট্রান্সফরমার বিকল হলে গ্রামবাসী ৫০ হাজার টাকা চাঁদা তুলে পানছড়ি বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের হাতে দেন। টাকা পাওয়ার পরই মেরামত করে ট্রান্সফরমারটি সচল করা হয়। আট দিন আগে ট্রান্সফরমারটি বিকল হয়ে পড়লে ১০ হাজার টাকা নিয়ে তা সচল করা হয়। কিন্তু মেরামতের চার দিন পর আবারও ট্রান্সফরমারটি বিকল হয়ে যায়। এবার ৫০ হাজার টাকা দাবি করেছেন পিডিবির লোকজন।
এলাকাবাসী অভিযোগ করে বলেন, এমনিতে পাঁচ-ছয় ঘণ্টার বেশি বিদ্যুৎ থাকে না। এই গরমের মধ্যে পানি ওঠানো যাচ্ছে না। প্রতিবার ট্রান্সফরমার বিকল হলে চাঁদা দিয়ে মেরামত করতে হয়, তারপরও যথাসময়ে বিদ্যুৎ পাওয়া যায় না। তাই বাধ্য হয়েই তাঁরা রাস্তায় নেমেছেন।
টাকা নেওয়ার অভিযোগ অস্বীকার করে পানছড়ি বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের দায়িত্বে থাকা পিডিবির উপসহকারী প্রকৌশলী আলাউদ্দিন সোহাগ বলেন, ট্রান্সফরমারটি ব্রজপাতে পুড়ে গেছে। শিগগিরই সেটি সচল করার চেষ্টা চলছে। তিনি পাল্টা অভিযোগ করে বলেন, বেশি পরিমাণে ব্যাটারিচালিত ইজিবাইক চার্জ দেওয়ার ফলে বারবার ট্রান্সফরমারটি বিকল হচ্ছে।