নিরস্ত্র মানুষকে হত্যা করা আন্তর্জাতিক আইনবিরোধী: মানবাধিকার চেয়ারম্যান

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান বলেছেন, ‘যে এলাকায়, যে ভূখণ্ডেই হত্যা করা হোক না কেন, একজন নিরস্ত্র মানুষের সঙ্গে আচরণের একটি মানদণ্ড আন্তর্জাতিক আইনে রয়েছে। আচরণবিরোধী কাজ করা আন্তর্জাতিক আইনবিরোধী এবং সুস্পষ্ট মানবাধিকারের লঙ্ঘন। এই লঙ্ঘনের প্রতিবাদ করছি।’
আজ মঙ্গলবার সকালে তিনি কুষ্টিয়া জেলা পরিষদ মিলনায়তনে সাংবাদিকদের এসব কথা বলেন। গতকাল সোমবার সকালে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) জওয়ানেরা কুষ্টিয়া সীমান্তে বাংলাদেশি এক কৃষককে নির্যাতন করে হত্যা করেছেন বলে অভিযোগ রয়েছে। এই হত্যাকাণ্ডের মাধ্যমে মানবাধিকারের লঙ্ঘন হয়েছে কি না বা মামলা করা যায় কি না, জানতে চাইলে মিজানুর রহমান ওপরের এসব কথা বলেন। তিনি জানান, এ ব্যাপারে দ্বিপক্ষীয় বৈঠক করে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা উচিত।
‘কুষ্টিয়ায় সামাজিক বিপর্যয় ও মানবাধিকার লংঘন প্রতিরোধে আমাদের করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন কুষ্টিয়ার মানবাধিকার ও নারী নির্যাতন প্রতিরোধ ফোরামের আহ্বায়ক মমতাজ আরা বেগম। আরও উপস্থিত আছেন আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল, জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন, পুলিশ সুপার মফিজ উদ্দীন আহম্মেদ, জেলা পরিষদের প্রশাসক জাহিদ হোসেন প্রমুখ।