
জাতিসংঘের আসন্ন অধিবেশনের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরস্ত্রীকরণবিষয়ক কয়েকটি চুক্তি ও সনদ সই এবং অনুসমর্থন করবেন। সাধারণ পরিষদের ৬৮তম অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী ২৩ থেকে ২৮ সেপ্টেম্বর নিউইয়র্ক সফর করবেন।
পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি আজ বৃহস্পতিবার তাঁর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের যোগদান নিয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৭ সেপ্টেম্বর সাধারণ পরিষদের কার্য-অধিবেশনে বক্তব্য দেবেন। ওই বক্তব্যে তিনি বিশ্বশান্তি ও নিরাপত্তার লক্ষ্যে আন্তর্জাতিক সহযোগিতা ও সংলাপের আহ্বান জানাবেন। প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে সিরিয়ার মতো গৃহযুদ্ধের প্রেক্ষাপটে শান্তিপূর্ণ সমাধানের ওপর গুরুত্বারোপ করবেন। সেই সঙ্গে তিনি গত ২১ আগস্ট সিরিয়ায় রাসায়নিক অস্ত্র ব্যবহারের নিন্দা জানাবেন। শেখ হাসিনা তাঁর বক্তব্যে ইউনেসকো ঘোষিত একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে অনুমোদনের জন্য জাতিসংঘের প্রতি আহ্বান জানাবেন। এ ব্যাপারে বাংলাদেশের পক্ষ থেকে একটি নতুন প্রস্তাব দেওয়া হবে।
পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের জানান, সাধারণ পরিষদের এবারকার অধিবেশনে নারীর ক্ষমতায়ন ও উন্নয়ন শীর্ষক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি শান্তি মডেলের প্রস্তাব গৃহীত হবে।
‘২২ তারিখ জানা যাবে’
প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে এবার সব মিলিয়ে কতজন সফরসঙ্গী হচ্ছেন—এমন প্রশ্নের উত্তরে দীপু মনি বলেন, ২২ তারিখের পর বলা সম্ভব হবে সফরসঙ্গী হিসেবে কতজন যাচ্ছেন। একপর্যায়ে প্রধানমন্ত্রীর নিউইয়র্ক না যাওয়ার সিদ্ধান্ত হয়েছিল। তাই সফর প্রস্তুতিতে কিছুটা পরিবর্তন এসেছে। এখনো এ নিয়ে প্রস্তুতি চলছে।
পররাষ্ট্রমন্ত্রী যেদিন সফরসঙ্গীর পূর্ণাঙ্গ তালিকা জানা যাওয়ার কথা উল্লেখ করেছেন, সেদিন অর্থাত্ ২২ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীসহ বাংলাদেশ প্রতিনিধিদলের ঢাকা ছাড়ার কথা রয়েছে।
তবে সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য হিসেবে উপস্থাপনের জন্য তৈরি নোটে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ৪৮ জন, প্রধানমন্ত্রীর নিরাপত্তা, সংবাদমাধ্যম প্রতিনিধি ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাসহ মোট ৫৬ জন এবং ৪৬ জন ব্যবসায়ী প্রতিনিধির জাতিসংঘের সাধারণ পরিষদের ৬৮তম অধিবেশনে যোগ দেবেন বলে ধারণা করা যাচ্ছে। অবশ্য সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী এই অংশটি উপস্থাপন করেননি।
‘টিকফায় পররাষ্ট্র মন্ত্রণালয় বাধা নয়’
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা রূপরেখা ফোরাম (টিকফা) সই হচ্ছে না। সম্প্রতি গণমাধ্যমে এমন অভিযোগ করেছেন বাণিজ্যমন্ত্রী জি এম কাদের। এ বিষয়ে জানতে চাইলে দীপু মনি বলেন, ‘সম্মানিত সহকর্মীর বক্তব্যের বিরোধিতা কিংবা এ নিয়ে কোনো মন্তব্য করব না। তবে টিকফা চুক্তি বাংলাদেশের জন্য প্রয়োজন আছে বলেই বিশ্বাস করি। যেকোনো চুক্তি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের তুলনায় পররাষ্ট্র মন্ত্রণালয় সামগ্রিক প্রেক্ষাপটে বিবেচনা করে। সময় লাগলেও চুক্তিটি চূড়ান্ত পর্যায়ে আনতে পেরেছি। এ বিষয়ে মন্ত্রিসভার অনুমোদন নেওয়া হয়েছে। কাজেই এ পর্যায়ে আর কারও বাধা হওয়ার কথা নয়। বাণিজ্য মন্ত্রণালয় যখন চাইবে তখন চুক্তিটি সই হবে।’