নিরস্ত্রীকরণবিষয়ক চুক্তি সই করবে বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতিসংঘের আসন্ন অধিবেশনের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরস্ত্রীকরণবিষয়ক কয়েকটি চুক্তি ও সনদে সই এবং অনুসমর্থন করবেন। সাধারণ পরিষদের ৬৮তম অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী আগামী ২৩ থেকে ২৮ সেপ্টেম্বর নিউইয়র্ক সফর করবেন। পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি গতকাল বৃহস্পতিবার তাঁর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী আগামী ২৭ সেপ্টেম্বর সাধারণ পরিষদের কার্য অধিবেশনে বক্তৃতা করবেন। ওই বক্তৃতায় তিনি বিশ্বশান্তি ও নিরাপত্তার লক্ষ্যে আন্তর্জাতিক সহযোগিতা ও সংলাপের আহ্বান জানাবেন। এ ছাড়া ইউনেসকো ঘোষিত একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে অনুমোদনের জন্য জাতিসংঘের প্রতি আহ্বান জানাবেন। এ ব্যাপারে বাংলাদেশের পক্ষ থেকে একটি নতুন প্রস্তাব দেওয়া হবে।
পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের জানান, এবারকার অধিবেশনে নারীর ক্ষমতায়ন ও উন্নয়ন শীর্ষক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি শান্তি মডেলের প্রস্তাব গৃহীত হবে। তিনি বলেন, নিউইয়র্ক সফরের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের বৈঠক হবে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা রূপরেখা ফোরাম (টিকফা) সই হচ্ছে না। সম্প্রতি গণমাধ্যমে এমন অভিযোগ করেছেন বাণিজ্যমন্ত্রী জি এম কাদের। এ বিষয়ে জানতে চাইলে দীপু মনি বলেন, টিকফা চুক্তি বাংলাদেশের জন্য প্রয়োজন আছে বলেই বিশ্বাস করি। সময় লাগলেও চুক্তিটি চূড়ান্ত পর্যায়ে আনতে পেরেছি। এ বিষয়ে মন্ত্রিসভার অনুমোদন নেওয়া হয়েছে। কাজেই এ পর্যায়ে আর কারও বাধা হওয়ার কথা নয়। বাণিজ্য মন্ত্রণালয় যখন চাইবে তখন চুক্তিটি সই হবে।