নিরানন্দ ঈদ

ঈদ শব্দটিতে আমি ইচ্ছে করেই ঈ-কার ব্যবহার করি। ই-কার যুক্ত শব্দটিকে আমার কাছে প্রকৃত ঈদ মনে হয় না। ইচ্ছাকৃত ভুল নাকি দীর্ঘদিনের প্রত্যক্ষণের কারণ, এটা নিয়ে ভাষাবিদগণ পারলে গবেষণা করুক। তাতে আমার কিংবা আমার সমসাময়িক প্রজন্মের ঈদের শিক্ষা কিংবা আনন্দ কোনোটাই ম্লান হবে না। ভাষাবিদদের যে কাজ আছে তা দেখাতে হবে! তাই না? এগুলো আমার মতো আমজনতার জন্য মাঝে মধ্যে আলোচনার খোরাকও জোগায়। নতুবা কোরবানির ঈদ সামনে রেখে গরু আর গোরু শব্দ দ্বয় নিয়ে সামাজিক মাধ্যমে এত মাতামাতি হতো না। ভাষা নিয়ে জ্ঞান দেওয়ার সাহস ও যোগ্যতা কোনোটাই আমার নেই, অভিপ্রায়ও নেই। এমনিতেই আমার কিছু কিছু শব্দের উচ্চারণে সমস্যা হয় এবং মাঝে মধ্যে আঞ্চলিক টানও আসে। এ নিয়ে অবশ্যই আমার চিকিৎসক স্ত্রীর আক্ষেপের শেষ নেই। বরিশালের মেয়ে হলেও ঘুণাক্ষরেও তার কথায় বরিশালের আঞ্চলিক শব্দ আসে না। ঘরে সারাক্ষণ মনে হয় প্রমিত বাংলায় নাটকের ডায়ালগ শুনছি! যদিও আমি আমার ভাষার দুর্বলতা ঢাকার জন্য অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ স্যারের বাণী শোনাতে কখনো ভুলি না ‘আঞ্চলিক ভাষা/শব্দ ভাষার মাধুর্য বাড়ায়’। ‘নাচতে না জানলে উঠোন বাঁকা’ আর কি।
যাই হোক আসল কথায় ফিরে আসি। এ রকম ঈদ জীবনে কেউ দেখেছে বলে মনে হয় না। একদিকে কোভিড-১৯ আমাদের বিপর্যস্ত করেছে, অন্যদিকে বন্যার কারণে অর্ধকোটি মানুষকে মানবেতর জীবন-যাপন করতে বাধ্য হচ্ছে। রোজার ঈদে আশায় ছিলাম, কোরবানির ঈদে হয়তো পরিস্থিতি স্বাভাবিক হবে! স্বাভাবিকতো হয়নি বরং এর সঙ্গে যোগ হয়েছে দফায় দফায় বন্যা। এখন নাকি বন্যার তৃতীয় দফা চলে যা পূর্বের প্রথম ও দ্বিতীয় দফাকে হার মানিয়েছে। আশঙ্কা করা হচ্ছে পরের দফা আরও খারাপ ফল নিয়ে আসতে পারে। নীতি নির্ধারকগণ নিশ্চয়ই আগাম প্রস্তুতি নেবেন। অন্যথায় এর মাশুল দিতে হবে হাওরাঞ্চল ও নিম্নাঞ্চলের মানুষজনকে। যদিও তাদের কান্না রাজধানী পর্যন্ত পৌঁছাবে কি না তা নিয়ে আমার সন্দেহ রয়েছে!
এখন পর্যন্ত দেশের ৩১টি জেলার প্রায় অর্ধকোটি মানুষ বন্যায় আক্রান্ত হয়েছে। দেশের হাওরাঞ্চল ও নিম্নাঞ্চলের প্রায় ৩১ শতাংশ প্লাবিত। বন্যা কবলিত এলাকার মানুষকে বাধ্য হয়েই ঘরে থাকতে হচ্ছে, আবার কাউকে অবস্থান করতে হচ্ছে রাস্তার মধ্যে, সেতুর ওপরে, কারও ঠায় হয়েছে আশ্রয়কেন্দ্রে। অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ মতো বন্যায়ও সবচেয়ে বেশি স্বাস্থ্যঝুঁকির মধ্যে রয়েছে শিশু, কিশোরী, নারী ও বয়স্করা। ত্রাণ সহায়তার সঙ্গে সঙ্গে তাদের স্বাস্থ্যঝুঁকির বিষয়েও সমানভাবে নজর দেওয়া উচিত।
বন্যায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে গৃহপালিত পশু, হাঁস-মুরগি, ধান-চালসহ গৃহস্থালির যাবতীয় পণ্যদ্রব্য। তলিয়ে গেছে খেতের ফসল, শাক-সবজি, ভাসিয়ে নিয়েছে পুকুরের মাছ। প্রধানমন্ত্রীর নির্দেশনা সত্ত্বেও এখন পর্যন্ত অনেক জায়গায় ত্রাণ মেলেনি, ফলে অনাহারে, অর্ধাহারে কাটাতে হচ্ছে অনেককে। তবে আশার কথা হচ্ছে ১৪ জেলার সার্বিক বন্যা পরিস্থিতি উন্নতি দিকে। কৃষির উৎপাদন যাতে ব্যাহত না হয় সে জন্যে কৃষিক্ষেত্রে করোনা ও বন্যার ক্ষয়ক্ষতি নিরূপণ এবং সহায়তা জরুরি।
বন্যার কারণে অনেকের ঈদ উদযাপিত হবে রাস্তার ওপরে কিংবা আশ্রয়কেন্দ্রে। সরকারি নির্দেশনা রয়েছে ঈদুল ফিতরের ন্যায় এবারও ঈদগাহে কোনো জামাত হবে না। ঈদের নামাজ পড়তে হবে মসজিদে স্বাস্থ্যবিধি মেনে। করোনা ভাইরাসের কারণে রাস্তা-ঘাটে, বাসস্ট্যান্ডে, নদীবন্দরে, রেলস্টেশনে আগের মতো ভিড় নেই। প্রিয়জনদের সঙ্গে অনেকেই ঈদ করতে গ্রামের বাড়ি যাচ্ছে না। গরুর হাঁটেও তুলনামূলকভাবে ভিড় কম। এতে স্বাস্থ্যবিধি কিছুটা রক্ষা হলেও গরুর খামারিরা মারাত্মকভাবে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারে বলে কয়েকজন গরু বিক্রেতার সঙ্গে আলাপ করে জানা গেছে। এ বছর খামারিরা ক্ষতিগ্রস্ত হলে পরের বছর কোরবানির ঈদে এর নেতিবাচক প্রভাব পরতে পারে যা বিবেচনায় রাখা বুদ্ধিমানের কাজ হবে বলে অনেকেই মনে করেন।
করোনাভাইরাসের প্রাদুর্ভাব এবং তিন দফা বন্যার কারণে এ বছর দু’টো ঈদ খুবই সাদামাটাভাবে এসেছে। যেখানে আনন্দ নেই, হই হুল্লোড় নেই, আড্ডা নেই, ঘোরাফেরা নেই। ঈদের দিনের পরিচিত দৃশ্য কোলাকুলিও করা যাবে না! এমন কী প্রাণখুলে-মনভরে শ্বাস পর্যন্ত নেওয়া যাবে না। ফলে একে নিরানন্দ ঈদ বলব নাতো কী বলব?
*লেখক: সমাজকর্মী ও উন্নয়ন বিশ্লেষক। [email protected]