শ্রমিকদের নিরাপত্তা আর উপযুক্ত মজুরিসহ কারখানায় গণতান্ত্রিক পরিবেশের দাবিতে সমাবেশ করেছে বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতি। ঢাকার আশুলিয়ার ফ্যান্টাসি কিংডমের সামনে গতকাল শুক্রবার বিকেলে অনুষ্ঠিত সমাবেশে শ্রমিকনেতাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সাধারণ শ্রমিকেরা বক্তব্য দেন।
বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতি আশুলিয়া থানা শাখার আহ্বায়ক আমিনুল ইসলাম সভায় সভাপতিত্ব করেন। বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আহমেদ কামাল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নাসিম আখতার হোসাইন, আয়োজক সংগঠনের কেন্দ্রীয় সমন্বয়ক তাসলিমা আখতার, সদস্যসচিব জুলহাসনাইন বাবু, শ্রমিকনেতা অঞ্জন দাস প্রমুখ।
অধ্যাপক আহমেদ কামাল বলেন, তৈরি পোশাকশিল্প এ দেশের জাতীয় আয়ের শতকরা ১০ ভাগ অর্জন করে। কিন্তু সেই শ্রমিকেরা সবচেয়ে অবহেলিত। তাঁরা ন্যায্য মজুরি পাচ্ছেন না। শ্রমিকদের দাবির মুখে মজুরি বাড়ানো হলেও দ্রব্যমূল্য বৃদ্ধির মাধ্যমে বাড়তি মজুরি তুলে নেওয়া হয়।
আহমেদ কামাল আরও বলেন, এ দেশের শ্রমিকেরা ক্ষতিপূরণ দাবি করতে পারেন না। কারণ শ্রমবান্ধব কোনো আইন নেই। রাজনৈতিক দলের নেতারাও শ্রমিকদের পক্ষে কোনো কথা বলেন না। কারণ, তাঁরা রাজনীতি করেন কারখানার মালিকদের টাকায়।
অধ্যাপক নাসিম আখতার হোসাইন বলেন, পোশাকশ্রমিকদের ঘামে দেশের অর্থনীতির চাকা সচল রয়েছে। অথচ তাঁদের থাকার জায়গা নেই, নেই সুচিকিৎসার ব্যবস্থা। তাঁদের সন্তানেরা লেখাপড়ার সুযোগ পায় না। শ্রমিক না বাঁচলে শিল্প বাঁচবে না, উৎপাদনও বৃদ্ধি পাবে না। তাই শ্রমিকদের বাঁচার মতো মজুরি নিশ্চিত করতে হবে।
শ্রমিকের জীবনের নিরাপত্তার প্রশ্নটি বর্তমানে শ্রমিক আন্দোলনের বড় একটি দিক—এ কথা উল্লেখ করে নাসিম আখতার বলেন, দেশের অর্থনীতির প্রাণশক্তি এই পোশাকশ্রমিকের জীবনের নিরাপত্তা দিতে সরকার ও মালিকপক্ষ ব্যর্থ হয়েছে। রানা প্লাজা ও তাজরীনে ‘শ্রমিক হত্যা’ তারই দৃষ্টান্ত।
সমাবেশ শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সামিনা লুৎফা রচিত এবং মোহাম্মদ আলী হায়দার নির্দেশিত পথনাটক জতুগৃহ পরিবেশিত হয়। নাটকটি পরিবেশন করে নাটকের দল বটতলা। তাজরীনের ভয়াবহ অগ্নিকাণ্ডে শতাধিক শ্রমিকের মর্মান্তিক মৃত্যুর ঘটনা নিয়ে নাটকটি রচিত। এ ছাড়া আলোকচিত্রী আবীর আবদুল্লাহ, রাহুল তালুকদার, শুভ্র কান্তি ও তাসলিমা আখতারের ছবি এবং মেহেদী হক, নাসরিন সুলতানাসহ কয়েকজন কার্টুনিস্টের কাজ প্রদর্শিত হয়।